মন্থর, তবু প্রাণের সঞ্চার শিল্পকলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমরা জমিদার; যারা মানুষকে মানুষ মনে করো না।’ তেজোদীপ্ত ভঙ্গিতে জমিদারের ছেলেকে বললেন জোহরা। তবে জোহরাকে জমিদারের ছেলে কী বললেন, বোঝা গেল না। হঠাৎ আওয়াজ এল, ‘লাউড! লাউড!’ পাণ্ডুলিপি হাতে কড়া ভাষায় নির্দেশক বললেন, ‘আরও জোরে বলতে হবে।’
চিত্রটি শিল্পকলা একাডেমির ৩ নম্বর মহড়াকক্ষের। কারিগরি সংস্কারের জন্য ২০ জুন থেকে হলগুলো বন্ধ থাকলেও থেমে নেই নাট্যকর্মীদের কাজ। মহড়াকক্ষগুলোতে নতুন নাটকের মহড়া চলছে।
বাতিঘর নাট্যদলের নতুন নাটকের মহড়া চলছে এখানে। নির্দেশক বলেন, শোষক আর শোষিতের উপাখ্যান এই নাটক। নীল বিদ্রোহের শেষের দিকের ঘটনা। খুলনায় ব্রিটিশরা সুন্দরবনের জঙ্গল কেটে আবাদ শুরু করে। সঙ্গে সঙ্গে চলে প্রজাদের ওপর নানা রকম অত্যাচার। একসময় বিদ্রোহী হয়ে ওঠেন প্রজারা। রহিমুল্লাহ নামের একজন বিদ্রোহী চাষি প্রতিবাদ করলে তাঁকে হত্যা করা হয়। এই এলাকায় তখন ম্যাজিস্ট্রেট হয়ে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর ডায়েরি থেকে নেওয়া তথ্য দিয়ে রিজিয়া রহমান অলিখিত উপাখ্যান উপন্যাসটি লেখেন। সেই উপন্যাসের কাহিনিকে ঘিরেই তাঁদের নতুন নাটক। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বাতিঘরের প্রতিষ্ঠাতা মুক্তনীল। নির্দেশকের সহকারী বৃতা বললেন, ‘গত নভেম্বরের দিকে মহড়া শুরু করেছি। আশা করি, আগামী ২৪ জুলাই একটি কারিগরি প্রদর্শনী করতে পারব।’
পাশের ঘর থেকে ভেসে আসে গানের আওয়াজ। ভেতরে ঢুকে দেখা গেল, হারমোনিয়াম আর খোল ঘিরে কিছু নাট্যকর্মী। কারও হাতে মন্দিরা, কারও হাতে বাঁশি। কেউ মাথা দুলিয়ে তাল মেলাচ্ছেন। তাঁরা সবাই কিসসাকাহিনী নাট্যদলের কর্মী। এই দলের প্রধান জসিম উদ্দিন বলেন, ‘হল বন্ধ। তাই সুহৃদ ও কর্মীদের নিয়ে একটু আড্ডা জমালাম।’ শিল্পকলা একাডেমি সূত্র জানায়, কারিগরি সংস্কার ও ঈদের ছুটি মিলিয়ে ১০ জুলাই পর্যন্ত হলগুলো বন্ধ থাকবে। ১১ জুলাই থেকে আবার শুরু হবে নিয়মিত প্রদর্শনী।