মমতাজউদদীন আহমদের ৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাজউদদীন আহমদ
মমতাজউদদীন আহমদ

প্রথাগত নিয়মে ছিল না বিশাল কেক কিংবা মোমবাতি। জাতীয় নাট্যশালার মূল মঞ্চের প্রধান ফটকে ছিল ফুল আর ফুল। গতকাল মমতাজউদদীন আহমদকে ৮০তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন বহু মানুষ। শিশুদের নৃত্যময় শুভেচ্ছা নিয়ে মঞ্চে আসেন শিক্ষক, নাট্যকার মমতাজউদদীন আহমদ। শিল্পী ফেরদৌসী মজুমদার সহাস্যে তাঁর সঙ্গে কাজের স্মৃতি আর তাঁর রসবোধের গল্প তুলে ধরেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মমতাজউদদীন আহমদ সম্পর্কে বলেন, ‘তিনি এমন একজন মানুষ, যিনি মুক্তিযুদ্ধের চেতনা থেকে জীবনে একচুলও বিচ্যুত হননি।’
মঞ্চে উঠে মমতাজউদদীন বললেন, ‘আপনারা আমার জন্য অনেক কিছু করলেন, আমি তো জীবনে তেমন কিছুই করতে পারিনি। আমি যখন থাকব না তখনও আশা করি আপনারা আমাকে মনে রাখবেন।’
মমতাজউদদীনকে শুভেচ্ছা জানাতে মঞ্চে আসে অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন। স্মৃতিচারণা করেন তাঁর সহকর্মী, বন্ধু ও ছাত্ররা। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, রামেন্দু মজুমদার, কেরামত মওলা, লিয়াকত আলী লাকী, সাংবাদিক আবেদ খান, সংস্কৃতিসচিব রঞ্জিত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে তাঁকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রও দেখানো হয়। জন্মদিনে তাঁকে প্রিয় গান গেয়ে শোনান শিল্পী ফেরদৌস আরা।