মহাজনের নাও আবার ছুটবে কলকাতায়

আন্তর্জাতিক নাট্যোৎসবে যোগ দিতে আবার কলকাতা যাচ্ছে বাংলাদেশের দর্শকনন্দিত মঞ্চনাটক ‘মহাজনের নাও’। কলকাতার স্টেট ব্যাংক পার্ক সর্বজনীনের আয়োজনে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিন ২ জুলাই বেহালার শরৎ সদনে মঞ্চস্থ হবে শাকুর মজিদের লেখা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় বাংলাদেশের সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’। ১০৭তম প্রদর্শনী হবে এদিন।
এর আগে ‘মহাজনের নাও’ দক্ষিণ কোরিয়ার বিশ্ব নাট্য উৎসব, লন্ডনের টাওয়ার হ্যামলেটস নাট্য উৎসবে অংশগ্রহণ ছাড়াও ভারতের আসামের শিলচর, ত্রিপুরার আগরতলা ও বেলুনিয়া, কুচবিহার ছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন নাট্য উৎসবে পাঁচটি প্রদর্শনী করেছে। ২০১০ সাল থেকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ নাটকটির প্রদর্শনী অব্যাহত রয়েছে।
নাট্যকার শাকুর মজিদ জানান, এই উৎসবে অংশ নিতে আগামী ৩০ জুন তিনিসহ ২৩ সদস্যের দল নিয়ে সুবচন কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে। ফিরবে ৪ জুলাই। ৩০ জুন উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। উদ্বোধনী দিনে মুম্বাইয়ের রঙ্গালয় নাট্যদল মঞ্চস্থ করবে ‘ইসি দিন ইসি ওয়াক্ত’ এবং ১ জুলাই দিল্লির সার্কেল থিয়েটার পরিবেশন করবে নাটক ‘আষাঢ় কা একদিন’।
মরমি সাধক শাহ আবদুল করিমের জীবন ও দর্শননির্ভর এই নাটকে অভিনয় করেছেন আহম্মেদ গিয়াস, আনছার আলী, আসাদুল ইসলাম, শাহ সালাউদ্দিন, সোনিয়া হাসান, লিঠু মণ্ডল, তানভীর, রাসেল ইমরান প্রমুখ।