মহাজনের নাও-এর ৮৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজনের নাও নাটকটির ৮৫তম মঞ্চায়ন হচ্ছে ২৫ জুলাই। সন্ধ্যা সাতটায় নাটকটি মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। সুবচন নাট্য সংসদের জন্য এ নাটক রচনা করেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
বাউলসম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে নির্মিত এ নাটক ইতিমধ্যেই মঞ্চে সাড়া জাগিয়েছে। সুদীপ চক্রবর্তী নাটকটি সম্পর্কে বলেন, সুনামগঞ্জের ভাটি অঞ্চলের বাউল শাহ আবদুল করিম দেহতত্ত্বকে প্রাধান্য দিয়ে তাঁর গানে নৌকাকে বেশি ব্যবহার করেন নিজের দেহের রূপক হিসেবে। মূলত শাহ আবদুল করিমের জীবনের জটিলতা, সংকট ও তার থেকে উত্তরণের বিষয়গুলো এ নাটকে প্রকাশ পেয়েছে।
মহাজনের নাও সুবচন নাট্য সংসদের ৩৩তম প্রযোজনা। পয়ার ছন্দে রচিত হয়েছে নাটকের সংলাপ। আছে শাহ আবদুল করিমের অনেক গান।