মহিদুল স্মরণে সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

নাট্যশিক্ষক, অভিনেতা ও নির্দেশক প্রয়াত সৈয়দ মহিদুল ইসলামের স্মরণে আয়োজন করা হয়েছে ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব-২০১৬’। রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এ উপলক্ষে রয়েছে তাঁর দল ‘ব্যতিক্রম নাট্যগোষ্ঠী’র নতুন নাটক।
২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ও মহিদুল ইসলাম স্মরণ আলোচনা। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত থাকবেন নাট্যজন আতাউর রহমান, লিয়াকত আলী, ঝুনা চৌধুরী, গোলাম কুদ্দুছ ও আকতারুজ্জামান। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর দলের নাটক আমি ও রবীন্দ্রনাথ।নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। রাত সাড়ে ৮টায় দেওয়া হবে সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা। এবারে সম্মাননা জানানো হচ্ছে শিল্পী ফেরদৌসী মজুমদারকে। এ ছাড়া মঞ্চের পাঁচ দম্পতিকে দেওয়া হবে যুগল সম্মাননা।উৎসবের দ্বিতীয় দিন ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় হবে আরও একটি স্মরণ আলোচনা। মঞ্চের পাঁচ সংগঠক ও কলাকুশলীকে দেওয়া হবে মঞ্চবন্ধু সম্মাননা। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর নতুন নাটক দুরাশা।রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম। নাটকটিতে একক অভিনয় করেছেন সৈয়দা নওশীন ইসলাম।
দলের ৪০ বছর পূর্তি ও প্রতিষ্ঠাতার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেছে ব্যতিক্রম নাট্যগোষ্ঠী। সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি।