মহিলা সমিতি মঞ্চে আবার নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আবার শুরু হচ্ছে বেইলি রোডের নাটক সরণির মহিলা সমিতিতে নাট্য প্রদর্শনী। ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা সমিতির নতুন ভবনের উদ্বোধন করবেন। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে মহিলা সমিতির নবনির্মিত মঞ্চে ‘ভাঙাগড়া নাট্যোৎসব’ শিরোনামে তিন দিনের উৎসবের আয়োজন করবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এর মধ্য দিয়ে মহিলা সমিতি মঞ্চে আবারও নিয়মিত নাটকের প্রদর্শনী শুরু হবে। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
স্বাধীন বাংলাদেশের নাট্য আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে মহিলা সমিতি মঞ্চ। ১৯৭৩ সালে এই মঞ্চেই প্রথম টিকিটের বিনিময়ে নাটকের প্রদর্শনী শুরু হয়। ২০১১ সালে এসে নতুন ভবন নির্মাণের জন্য মহিলা সমিতির পুরোনো মঞ্চটি ভেঙে ফেলা হয়। সেখানে নতুন ভবন নির্মিত হয়েছে।