মহিলা সমিতিতে আজ উদীচীর 'বৌ বসন্তি'

দীর্ঘদিন পর মহিলা সমিতি মিলনায়তনে আজ মঞ্চস্থ হতে যাচ্ছে উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগের জনপ্রিয় প্রযোজনা ‘বৌ বসন্তি’। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। রতন সিদ্দিকীর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। গুণী নাট্যকার ও অভিনেতা আজাদ আবুল কালামের ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে তাঁর সাংস্কৃতিক অঙ্গনের বন্ধুদের আয়োজন ‘তারুণ্য ও তাড়নার ৫০’। এ আয়োজনের অংশ হিসেবে আজ নাটকিট মঞ্চায়নের প্রস্তুতি নিচ্ছে উদীচীর নাটক বিভাগের সদস্যরা।
‘বৌ বসন্তি’ নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম। সংগীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ, পোশাক পরিকল্পনা করেছেন কাজী তৌফিকুল ইসলাম।
‘বৌ-বসন্তি’ নাটকটির সময়কাল ১৯৭১ সাল, যে সময়টায় পূর্ব পাকিস্তানে নাটকের আরম্ভ আর বাংলাদেশে এসে সমাপ্তি। যখন পূর্ব পাকিস্তান ছিল তখনও স্বাধিকার প্রমত্ত বাঙালি ছিল। আর যখন বাংলাদেশ তখনও বাঙালির মধ্যে লুকিয়ে আছে কতিপয় স্বাধীনতা বিরোধী। এই রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষাপটে কোনো এক গ্রামীণ জনপদের জীবন বৈচিত্র্য প্রকাশ পেয়েছে ‘বৌ-বসন্তি’ নাটকে।
নাটকটির গল্প ঘুরপাক খায় গ্রামের চোর বদর ও মনুর জীবনের নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে। বদর একই গ্রামের ভিক্ষুকের মেয়েকে ভালোবাসলেও তাতে প্রত্যাখ্যাত হয়। পরে, সালিশে গ্রামছাড়া হয়ে গঞ্জে গিয়ে আরেকজনকে বিয়ে করলেও নতুন বউয়ের নানা বায়না মেটাতে হিমশিম খায় সে। এক পর্যায়ে তার সেই স্ত্রী-ও পাকিস্তানি হানাদার বাহিনীর মদদদানকারী ধূর্ত প্রতারক মঈনের হাত ধরে পালিয়ে যায়। এই সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি নাটকটিতে মহান মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনাচিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় শহর ছেড়ে মানুষের গ্রামে ছুটে চলা, বাজারে নিত্যপণ্যের হাহাকার, রাজাকারদের নানা কর্মকাণ্ড ফুটিয়ে তোলা ছাড়াও দেখানো হয়েছে কীভাবে গ্রামের সহজ-সরল মানুষদের নানা কূটকৌশলে বিভ্রান্ত করা হতো।