মহিলা সমিতির মঞ্চে প্রথমবার 'খনা'

নাটকের দল বটতলার প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রথমবারের মতো মহিলা সমিতির মঞ্চে দলটি আনছে তাদের ‘খনা’ নাটকটি। প্রতিষ্ঠাবার্ষিকীতে নাট্যকর্মীদের সম্মাননা জানাবে দলটি।
২৭ আগস্ট নবম বর্ষে পা রাখছে বটতলা দলটি। নিয়মিত মঞ্চনাটকের পাশাপাশি বিভিন্ন জাতীয় ইস্যুতেও যুক্ত থেকেছে সতীর্থ নাট্যযোদ্ধাদের সঙ্গে। শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা সমিতি মঞ্চে তারা পরিবেশন করবে তাদের ‘খনা’ নাটকটির ৫৯তম প্রদর্শনী। ইতিমধ্যে দেশ ও দেশের বাইরের বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছে নাটকটি। বটতলার অকালপ্রয়াত সঙ্গী নাসিরুদ্দিন নাদিমের স্মৃতি ধরে রাখতে দ্বিতীয়বারের মতো বটতলার একজন নাট্যকর্মীকে পুরস্কৃত করবে দলটি।
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে শুক্রবার সন্ধ্যা সাতটায় নাটক। এর আগে থাকবে পুরস্কার প্রদানের অনুষ্ঠান। ‘খনা’ নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।