মিলনায়তন না পেয়ে সংগীত ও নৃত্যকলা ভবনেই মঞ্চনাটক

নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’র সদস্যদের ইচ্ছা ছিল জাতীয় নাট্যশালায় কিংবা পরীক্ষণ থিয়েটারে তাঁদের নতুন নাটকটি মঞ্চায়ন করবে। কিন্তু দুটি মিলনায়তনই আগে থেকে অন্য দুটি নাটকের দল বরাদ্দ নিয়েছে। বাধ্য হয়ে আজ মঙ্গলবার জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মঞ্চে পরিবেশন করে ‘পুতুলের বিয়ে’ নাটকটি। ‘বাঁশরী’র প্রযোজনায় নাটকটি পরিবেশন করে ঢাকা আর্ট থিয়েটার।
কাজী নজরুল ইসলামের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন শামস শাহরিয়ার উজ্জ্বল। নজরুলের গানে সমৃদ্ধ নাটকটির সংগীত পরিচালনা করেছেন মো.বাবুল হোসাইন।
কিশোর-কিশোরীদের পুতুল খেলা নাটকটির উপজীব্য। কিন্তু এতে পুতুল খেলার আড়ালে ধর্ম ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। সেই সঙ্গে বিভেদ ও বৈষম্যহীন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ‘বাঁশরী’র সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন শিশুতোষ নাটক হলেও সমকালীন বাংলাদেশ ও বিশ্ব বাস্তবতায় নাটকটি বড়দের জন্যও সমানভাবে প্রাসঙ্গিক। আর এ কারণেই বাঁশরী ঢাকা আর্ট থিয়েটারের সহযোগিতায় নাটকটি মঞ্চস্থ ও প্রচার করার ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাঁশরী এ নাটকটি বাংলাদেশের বিভিন্ন স্কুল-কলেজে প্রচার করবে।
আজ ছিল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। উদ্বোধনের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব আবদুর রাজ্জাক ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর। সভাপতিত্ব করেন বাঁশরীর সভাপতি মো. খালেকুজ্জামান।