শিশুদের শীত বস্ত্র বিতরণে নকশি কাঁথার মাঠ
যৌনকর্মীদের সন্তানদের শীতের পোশাক দেওয়ার উদ্দেশ্যে নাটকের দল বুনন থিয়েটার নকশি কাঁথার মাঠ নাটকের বিশেষ প্রদর্শনী করবে। আগামী ১১ই ডিসেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ৬টায় এ নাটকের মঞ্চায়ন হবে। কবি জসীমউদ্দিন রচিত ঘাটু গানের আঙ্গিকে করা নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। আয়োজনটিতে উপস্থিত থাকবেন আফসার আহমদ, তারিক আনাম খান, ইউসুফ হাসান, সুদীপ চক্রবর্তী, মীর জাহিদ হাসান প্রমুখ।
এই প্রদর্শনীর মাধ্যমে এবং রোটারি ক্লাব অব আগার গাঁও ঢাকা, রোটারেক্ট ক্লাব অব ঢাকা আরবানা, রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দন-এর সহযোগিতায় পতিতালয়ের ৩৭ জন বঞ্চিত শিশুদের শীতের পোশাক দেয়া হবে। সম্মানিত করা হবে তাদের পালক মা হাজেরা খাতুনকে।
নির্দেশনা প্রসঙ্গে আনন জামান বলেন, প্রযোজনাটির অভিনয় নির্মাণের ক্ষেত্রে কাব্যের স্বভাবজাত প্রকাশভঙ্গি তৈরির পাশাপাশি ঐতিহ্যবাহী বাংলা নাটকের স্টাইলাইজ্ড অ্যাকটিং ও বর্ণনাভঙ্গি এবং ঘাটু গানের চরিত্রাভিনয়রীতি ও সংগীত স্বভাব প্রয়োগের প্রচেষ্টা ছিল।
নাটকটিতে অভিনয় করেছেন অমিতাভ মিহির, শুভনন্দ করিম, তুষার কান্ত দে রাজন, দিদারুল দিপু, শাহ তুষার, আহমেদ বুলবুল, আবু ফাহিম, রাতমণি, ইমতিল ইমু, উচ্ছল হাসান, সুপ্রতীক দেশাল প্রমুখ।