মুখোমুখি প্যারিসের সেরমাদিরাস ও মালির সুলেমান

ইন দ্য সলিটিউড অব কটন ফিল্ডস-এর দৃশ্যফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ক্রেতা, আরেকজন বিক্রেতা। বিক্রেতা একটি প্রস্তাব নিয়ে ক্রেতার সঙ্গে যোগাযোগ করে। এরপর একে অপরের মুখোমুখি হয় তারা। তাদের ভাষা আলাদা। তবে যোগাযোগটা ঠিকঠাক হয়ে যায়। ফরাসি মঞ্চনাটক ইন দ্য সলিটিউড অব কটন ফিল্ডস-এর গল্প এটি। ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ করে নাটকটি।
নাটকে ক্রেতা ও বিক্রেতা চরিত্র দুটি নামহীন। তারা কোন সময়ের ও কোন জায়গার বাসিন্দা তা জানাননি নাট্যকার। ক্রেতা ও বিক্রেতার ভূমিকায় অভিনয় করেছেন ফ্রান্সের জ্যঁ পল সেরমাদিরাস এবং মালির সুলেমান সানোগো। সংলাপের সঙ্গে ছিল তাঁদের শরীরী অভিব্যক্তি। অর্থাৎ আঙ্গিক ও বাচিক—উভয় অভিনয়ের যথাযথ মিশ্রণ ছিল পরিবেশনায়।  

ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ করে নাটকটি

সুলেমান সানোগো মূলত ‘সোলো’ নামে পরিচিত। এ মাসে মালি থেকে ঢাকায় এসে আলিয়ঁস ফ্রঁসেজের আয়োজনে শিল্পকলা একাডেমিতে ‘ড্যান্স অর ক্যাওস’ শীর্ষক নাচ পরিবেশন করেন। বেড়ে উঠেছেন মালির বামাকো শহরের পথে পথে। তার যাপিত জীবন দুঃখ-কষ্টে ভরা। সোলোর ভাষায়, ‘আমি যখন নাচি, তখন সব ভুলে যাই । তখনই সবচেয়ে সুখ অনুভব করি। নাচ আমার নিজেকে খুঁজে পাওয়া।’ এ শিল্পীকে খুঁজে বের করে বেলজিয়ামের ব্রাসেলসের পারফর্মিং আর্টস রিসার্চ অ্যান্ড ট্রেনিং স্টুডিওস (পার্টস)। সেখানে তিনি তিন বছর পৃথিবীর বিখ্যাত কোরিওগ্রাফার এবং শিক্ষকদের কাছ থেকে তালিম নিয়েছেন।

অন্যদিকে গত জানুয়ারিতে আলিয়ঁস ফ্রঁসেজের আয়োজনে শিল্পকলা একাডেমির মঞ্চে ফরাসি নাটক দ্য ড্র্রিম অব আ রিডিকুলাস ম্যান পরিবেশন করেন বিখ্যাত অভিনেতা জ্যঁ পল সেরমাদিরাস। ১৮৭৭ সালে রুশ লেখক দস্তয়েভস্কির ছোটগল্প অবলম্বনে এতে একক অভিনয় করেছেন তিনি। জ্যঁ পল সেরমাদিরাস প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

বিক্রেতার ভূমিকায় অভিনয় করেছেন মালির সুলেমান সানোগো

তিনি ‘ব্লস সালো’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় প্রশিক্ষণ নেন। ১৯৯৫ সালে গড়ে তোলেন ‘কোম্পানি দু পাসাজ’। বেশ কয়েকবার বিখ্যাত ‘ফেস্টিভ্যাল দো আভিনিও’তে পারফর্ম করেছেন জ্যঁ পল সেরমাদিরাস। ফ্রান্সের পাশাপাশি মরক্কো, ভারতসহ অন্যান্য দেশের মঞ্চে শেক্‌সপিয়ার, মলিয়ের এবং চেখভের ৪০টির বেশি নাটক মঞ্চায়ন করেছেন তিনি।

অনেক দর্শক বিনা মূল্যে রোববার সন্ধ্যায় নাটকটি উপভোগ করেছেন।

উৎসুক অনেক দর্শক বিনা মূল্যে রোববার সন্ধ্যায় নাটকটি উপভোগ করেছেন। বেশির ভাগ দর্শকের কাছে ভাষা অজানা হলেও দুই দেশের দুই শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হয়েছেন তাঁরা।