আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথনাটক পরিষদ যৌথভাবে আয়োজন করেছে আলোচনা ও পথনাট্যানুষ্ঠান। কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় শুরু হবে এ আয়োজন। এতে পাঁচটি নাট্যদল পরিবেশন করবে পাঁচটি পথনাটক।
মে দিবসের বিশেষ এই অনুষ্ঠান শুরু হবে বহ্নিশিখার নৃত্য পরিবেশনা দিয়ে। এতে পদাতিক নাট্য সংসদ (টিএসসি) পরিবেশন করবে তাহাদের কথা, প্রাচ্যনাট আসবে গর্ত নাটক নিয়ে, থিয়েটার আর্ট ইউনিট দেখাবে জনম দুখী মা, বাংলাদেশ থিয়েটার আনবে টাকার চক্কর এবং সুবচন নাট্য সংসদ দেখাবে কেরামতের কোন দল।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নাট্যকার মামুনুর রশীদ। আলোচক হিসেবে থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।