মেঘের পরে মেঘ জমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে বর্ষার নাচ
ছায়ানটে বর্ষার নাচ

বর্ষার সঙ্গে প্রেমের যে মেলবন্ধন ঘটেছিল কবিগুরুর বিভিন্ন গানে, তা শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে এক অন্য মাত্রা পায়। আর এভাবে জননী সাহসিকা কবি সুফিয়া কামালকে স্মরণ করল ছায়ানট। মহীয়সী এই নারীকে স্মরণ করতে ছায়ানট আশ্রয় নেয় বর্ষার। কবিতার ছন্দে, গানের সুরে ও নাচের মুদ্রায় সাজানো হয় আয়োজনটি। সঙ্গে ছিল সুফিয়া কামালকে নিবেদিত কথন। সব মিলিয়ে ‘সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠান’ শীর্ষক আয়োজনটি ছিল মনে রাখার মতো।
শুরুতে যন্ত্রসংগীত। এসরাজে রাগালাপ পরিবেশন করেন অসিত বিশ্বাস। উপস্থাপনটি ছিল মেঘমল্লার। এসরাজের সুর থামতেই মঞ্চে আসেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম। অংশ নেন সুফিয়া কামালকে নিবেদিত কথনে।
কথা শেষে আবার গান। রবীন্দ্রনাথের গানের সুরে পরিবেশিত হয় সম্মেলক নৃত্য-গীত। বাদল দিনের প্রিয়জনের সান্নিধ্য প্রাপ্তির আকুলতা উচ্চারিত হয় ঝুমুর আহমেদের গানে। গেয়ে শোনান ‘মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে’। মোস্তাফিজুর রহমানের কণ্ঠে গীত হয় ‘আমার দিন ফুরাল’। ‘মন মোর মেঘের সঙ্গী’ শীর্ষক গানের সুরে দ্বৈত নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ংপ্রভা।
আবৃত্তি করেন কাজী মদিনা। বিশ্বকবির ‘বরষার দিনে’ কবিতা থেকে আবৃত্তি করেন জয়ন্ত রায়। এ টি এম জাহাঙ্গীর গেয়ে শোনান অতুলপ্রসাদের গান ‘শ্রাবণ ঝুলাতে বাদল রাতে’। নজরুলের ‘রিমঝিম্ রিমঝিম্’ গানের সুরে পরিবেশিত হয় বৃন্দ নাচ। দ্বিজেন্দ্রলাল রায়ের গানকে আশ্রয় করে মঞ্চে আসেন আবদুস সাত্তার পিনু। গেয়ে শোনান ‘বরষা আইলো ওই’। এ ছাড়া একক কণ্ঠে গান শোনান খায়রুল আনাম, কাঞ্চন মোস্তফা, প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রী, সুতপা সাহা ও মাহমুদুল হাসান। শ্রাবণ সন্ধ্যায় যেন বৃষ্টির শব্দ ঝরে পড়ে তাঁদের গানে। কয়েকটি গানের শিরোনাম ছিল ‘রুমঝুম বাদল আজি’, ‘বধূ এমন বাদল’, ‘বরষা ঐ এল বরষা’, ‘আজি ঝড়ের রাতে’, ‘প্রবল ঘন মেঘ আজি’ ও ‘অঝোর ধারায় বর্ষা ঝরে’।
গান ও কবিতার মাঝে ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’ গানের সুরে পরিবেশিত হয় সম্মেলক নৃত্য। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় সুফিয়া কামালকে নিবেদিত বর্ষাভিত্তিক আয়োজনটি।