মৌসুমের শুরুতেই কিছু যাত্রাদলের বিরুদ্ধে অশ্লীল নাচগান করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, এক শ্রেণির অসাধু আয়োজকের খপ্পরে পড়েছে সদ্য নিবন্ধন পাওয়া কয়েকটি যাত্রাদল। এই দলগুলো পালা প্রযোজনাকে হালকা করে অশ্লীল নাচগানকে গুরুত্ব দিচ্ছে। ফলে যাত্রা দেখতে এসে অনেকেই হতাশ হচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি প্যান্ডেলের রাজলক্ষ্মী অপেরার যাত্রাপালায় অশ্লীল নাচগান করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দলের কর্ণধার টিপু বলেন, ‘আমি পরিস্থিতির শিকার।’ তবে স্থানীয় আয়োজকেরা কিছু বলতে চাননি।
অশ্লীল নাচগান করার আরও অভিযোগ পাওয়া গেছে নড়াইলের মির্জাপুরে দ্য সিজারস অপেরা, বরিশাল বিমানবন্দর এলাকায় নিউ প্রতিমা, সদর থানার সোনামিয়ার ব্রিজসংলগ্ন প্যান্ডেলে মহান্দা অপেরার বিরুদ্ধে। দল মালিকদের অভিযোগ, তাঁরা আয়োজকদের চাপের মুখে এ কাজ করতে বাধ্য হচ্ছেন। আর আয়োজকেরা বলছেন, এক শ্রেণির দর্শকের কাছে এ ধরনের নাচগানের চাহিদা আছে।
বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কান্তি দে বলেন, ‘শুরুতে যে অশ্লীলতা ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে। আমরা আয়োজকদের সতর্ক করে দিচ্ছি। জনমত তৈরি করছি। সরকার এখন এই শিল্পের পৃষ্ঠপোষক। যাত্রাকে অশ্লীলতামুক্ত করতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’