মেয়ে নাট্যকার, মা নির্দেশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা রোকেয়া রফিক বেবীর সঙ্গে মেয়ে একা
মা রোকেয়া রফিক বেবীর সঙ্গে মেয়ে একা

নাটক লিখেছেন মেয়ে, নির্দেশনা দিয়েছেন মা।
আনিকা মাহিন, যাঁকে একা নামেই চেনে সবাই, এবার লিখলেন মর্ষকাম নামের একটি নাটক। এর আগে তাঁর লেখা মঞ্চনাটক ম্যাকাব্রে প্রশংসিত হয়েছিল। কামালউদ্দীন নীলু ছিলেন সে নাটকের নির্দেশক।
বরেণ্য নাট্যজন এস এম সোলায়মান ও রোকেয়া রফিক বেবীর মেয়ে একা। বাবা প্রয়াত, তাঁর নামে প্রতিবছর ‘সোলায়মান মেলা’র আয়োজন করা হয়। একার লেখা নতুন নাটকের নির্দেশক মা রোকেয়া রফিক। নাটকটি মঞ্চে আনছে নাট্য সংগঠন ‘থিয়েটার আর্ট ইউনিট’। আগামী ১ নভেম্বর ঢাকার সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
এরই মধ্যে হয়ে গেছে নাটকটির প্রথম কারিগরি মঞ্চায়ন। চলছে শেষ মুহূর্তের মহড়া। রোকেয়া রফিক এখন খুব ব্যস্ত। ব্যস্ততার মাঝেই ফোনে কথা হয় তাঁর সঙ্গে।
‘কেমন লাগছে মেয়ের নাটকে নির্দেশনা দিতে?’
‘নাটকটি বিশ্ব রাজনীতির নাটক। ভালো লাগছে। এটা কালে কালে হেরে যাওয়া মানুষের ঘটনা। আমাদের চেনা ঘটনা, কিছু ঘটনার চাক্ষুষ সাক্ষী আমরা, কিছু ঘটনার সাক্ষী ইতিহাস। সব মিলে সাধারণ মানুষের জীবনকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকটি।’
‘একা কি আসছে মহড়া দেখতে?’
‘একদম না। নাটক লিখে দিয়ে সরে গেছে। ও একটা কথা বলে, নাটক লেখা মানে একটা স্তরের কাজ। নির্দেশনা দেওয়া, দ্বিতীয় স্তর। মহড়ায় যখন অভিনয়শিল্পীরা অংশ নিচ্ছে, সেটা তৃতীয় স্তর। আর মঞ্চে যখন দর্শক দেখছে এবং মিথস্ক্রিয়া চলছে, সেটা চতুর্থ স্তর। ওর এই কথা আমার ভালো লেগেছে।’
রোকেয়া রফিক বলেন, আরও দুটো কারিগরি মঞ্চায়ন করার ইচ্ছা আছে।
আনিকা মাহিন বলেন, ‘বিশ্বব্যাপী রাজনীতির সাম্রাজ্যবাদ এই নাটকের মূল উপজীব্য। নাটকের মাধ্যমে বিশ্ব রাজনীতির কিছু বিষয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কীভাবে প্রভাবশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার করে।’ সোলায়মান-বেবী দম্পতির একমাত্র মেয়ে আনিকা মাহিন থিয়েটার আর্ট ইউনিটের একজন সক্রিয় নাট্যশিল্পী।