যশোরে শেষ হলো তিন দিনের পথনাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিবর্তন যশোর’-এর তিন দিনের পথনাট্য উৎসব গতকাল রোববার শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিন দিনের উৎসবে যশোরের সাতটি সংগঠনের কলাকুশলীরা ১০টি নাটক মঞ্চস্থ করেন।
শেষ দিনে মঞ্চস্থ হয় তিনটি নাটক। বিবর্তন নাট্যদল কাজী চপলের রচনা ও বৈদ্যনাথ অধিকারীর নির্দেশনায় পাইচো চোরের কেচ্ছা, নৃত্যবিতান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’ কবিতা অবলম্বনে নৃত্যনাট্য ক্ষতিপূরণ ও উদীচী যশোর জেলা সংসদ মমতাজউদ্দীন আহমদের রচনা ও ডি এম শাহিদুজ্জামানের নির্দেশনায় স্বাধীনতার সংগ্রাম নাটক মঞ্চস্থ করে।
‘সামাজিক অসংগতির বিরুদ্ধে নাটক’ স্লোগানে বিবর্তনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার এ উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান।