যশোরে 'টিপুর স্বপ্ন'
যশোর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কলকাতার প্রাচ্য নাট্যদলের টিপুর স্বপ্ন মঞ্চস্থ হয়েছে। গত শনিবার ছিল দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যোত্সব-২০১৫-এর দ্বিতীয় দিন। বিবর্তন যশোর-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী এ উত্সবের আয়োজন করা হয়েছে।
টিপুর স্বপ্ন নাটকের নাম ভূমিকায় অভিনয় করা ভারতের চলচ্চিত্র ও মঞ্চের জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্ত বলেন, ‘থিয়েটার হচ্ছে আমাদের শিল্পের মৌলিক জায়গা। যার মাধ্যমে মানুষের মনের গভীরের চিন্তাচেতনার প্রকাশ ঘটে। আমাদের থিয়েটার যেভাবে দাঁড়িয়েছে, বাংলা চলচ্চিত্র ঠিক তেমনভাবে দাঁড়াতে পারেনি। থিয়েটার চর্চার বয়স হলো পাঁচ হাজার বছরের বেশি। আর চলচ্চিত্র ১০০ বছরের কিছু বেশি সময় হবে।’
উত্সবের প্রথম দিন ঢাকার লোকনাট্যদল কঞ্জুস নাটক মঞ্চস্থ করে। এর আগে বিকেলে যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উত্সবের উদ্বোধন ঘোষণা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ঝাড়খন্ডের শিব ছৌঁ নৃত্যকলা দল বর্ণিল সাজে ‘ছৌঁ নৃত্য’ পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলে।
উত্সবে বাংলাদেশ, ভারত ও নেপালের জনপ্রিয় আরও ছয়টি দলের নাটক মঞ্চস্থ করার কথা রয়েছে। নাটকগুলো হচ্ছে বিনোদিনী (নকশা, গোবরডাঙ্গা, ভারত), সারজামিন (মান্দালা থিয়েটার, কাঠমান্ডু, নেপাল), ভঙ্গবঙ্গ (আরণ্যক, ঢাকা), আওরঙ্গজেব (প্রাঙ্গণেমোর, ঢাকা), তৃতীয় একজন (শব্দ নাট্য চর্চা কেন্দ্র) ও রাজা প্রতাপাদিত্য (বিবর্তন যশোর)।