যাত্রাদলের শিল্পীদের জন্য শিল্পকলায় কর্মশালা

সারা দেশে যাত্রাশিল্প চর্চার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২-এর আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৮৮টি যাত্রাদলকে নিবন্ধিত করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় যাত্রাশিল্পীদের জন্য ২টি কর্মশালার আয়োজন করা হয়েছে। একটি যাত্রাদলের নৃত্য শিল্পীদের জন্য নৃত্য প্রশিক্ষণ কার্যক্রম, অন্যটি যাত্রাদলের অভিনয়, সংগীতসহ সার্বিক বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম।
গতকাল শুক্রবার ১৮ নভেম্বর বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে দুটি কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব এস এম মহসীন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক বদরুল আনাম ভূঁইয়া ও কর্মশালার পরিচালকেরা।

আয়োজকেরা জানান এ কর্মশালায় ধ্রুপদি নৃত্য, রুচিকর বিনোদনধর্মী বিভিন্ন গানের সঙ্গে নৃত্য, যন্ত্র সংগীতের সঙ্গে নৃত্য, পাশাপাশি নৃত্যের পোশাক, অর্থবহ মুদ্রা ও অঙ্গভঙ্গি এবং মেক আপসহ আনুষঙ্গিক সকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। একাডেমির মহাপরিচালক বলেন, এ কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে এই শিল্পীরা পরবর্তীতে সামগ্রিকভাবে যাত্রাশিল্পের নৃত্য পরিবেশনার মান উন্নয়নে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখতে পারবেন।
২৫ নভেম্বর পর্যন্ত এ কর্মশালা চলবে। কর্মশালার মধ্য দিয়ে ৩০ মিনিটের ৫টি প্রযোজনা নির্মাণ করা হবে, যা কর্মশালার সমাপনী দিনে মঞ্চায়ন করা হবে।