রঙ্গমেলায় 'চোপ আদালত চলছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার নাটকের দল ‘কম্পাস’-এর নাটক ‘চোপ আদালত চলছে’ একটি দৃশ্য
কলকাতার নাটকের দল ‘কম্পাস’-এর নাটক ‘চোপ আদালত চলছে’ একটি দৃশ্য

‘ধরিত্রী ও মানবহত্যার বিরুদ্ধে—মুক্তির উৎসবে’ স্লোগানকে নিয়ে বেইলি রোডের মহিলা সমিতিতে চলছে ‘বটতলা’র নতুন নাটকের উৎসব ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’। গতকাল শুক্রবার ছিল এই উৎসবের দ্বিতীয় দিন। এদিন মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হলো ভারতের নাট্যদল ‘কম্পাস’-এর নাটক ‘চোপ আদালত চলছে’। নাটকটির রচনা করেছেন বিজয় টেন্ডুলকার এবং নির্দেশনা দিয়েছেন দেবব্রত আচার্য।

নাটক শেষে কম্পাসের হাতে বটতলার উৎসব স্মারক তুলে দেন নাট্যকার, নির্দেশক মাসুম রেজা। বহিরাঙ্গণে নাটক শেষে রঙ্গ আড্ডাতে নির্দেশকের সঙ্গে জমে ওঠে দর্শকের আড্ডা। নাটক প্রদর্শনীর আগে উৎসবস্থলে বহিরাঙ্গনে ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে অ্যান্ড ড্রামা ক্লাব-এর স্বল্প দৈর্ঘ্যের নাটক ‘গুরু’।

১০ দিনব্যাপী এই আয়োজনে গতকাল ঢাকার বাইরে দেশের আট বিভাগে নীরবে দীর্ঘদিন ধরে নাট্যচর্চাকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং করছেন—তেমনই নাট্যকর্মীদের আট নাট্যজনকে সম্মাননা দিয়েছে ‘বটতলা’। গতকাল নাট্য প্রদর্শনীর আগে আয়োজিত এক আনুষ্ঠানিকতায় আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের নাট্যজন মুন্সী মুহাম্মাদ আলী রুমিকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁর হাতে সম্মাননা পদকটি তুলে দেন অধ্যাপক আনু মুহাম্মদ।

আজ শনিবার সন্ধ্যা সাতটায় পরিবেশিত হবে যশোরের ‘বিবর্তন’-এর নাটক ‘মতিব্রং’। নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান। এ ছাড়া বহিরাঙ্গণে রয়েছে কফিল আহমেদের গান।