রাজশাহীতে রবীন্দ্র-নজরুল উৎসব

রাজশাহী নগরের নিউ গভ. ডিগ্রি কলেজে রবীন্দ্র-নজরুল স্মরণ উৎসব-২০১৫ হলো গত বৃহস্পতিবার। এ উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা মঞ্চস্থ হয়েছে। উৎসবের প্রথম পর্বে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে ছিল গীতি নৃত্যনাট্য।
কলেজ মিলনায়তনে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আক্তার। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম জার্জিস কাদির। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উৎসব কমিটির আহ্বায়ক শিখা সরকার ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু হাসনাৎ মো. রফিকুল ইসলাম।
কলেজের শিক্ষক মুস্তাফিজুর রহমান ও ফরিদুল ইসলাম অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন। সংগীত পরিবেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক পারমিতা কঙ্কণ ও নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থী অনীক। শেষে ল্যাডলী মোহন মৈত্র, আলো মৈত্র ও তাঁদের দল রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পরিবেশন করে।