রূপ ও অরূপের আখ্যান

রজব আর খুশবু। দুই অন্ধ ভিক্ষুক দম্পতি। কংস নদীর পাড়ে একটি প্রকাণ্ড গাছের নিচে বসে তারা ভিক্ষা করত। বাইরের আলো ছড়ানো জগৎ তাদের কাছে অন্ধকারাচ্ছন্ন। তারা ভিক্ষা করত আর ভাবত, কোনো একদিন দৃষ্টি ফিরে পেলে তারা একে অপরকে প্রাণভরে দেখবে। এক সাধুবাবার দয়ায় তারা দৃষ্টি ফিরে পায়। এরপরই তারা বুঝতে পারে দেখার জগৎ অর্থাৎ রূপ আর অদেখার জগৎ অর্থাৎ অরূপের মধ্যে রয়েছে বিস্তর দ্বন্দ্ব। নানা ঘটনা পরম্পরায় দ্বন্দ্ব আর সংকটের মধ্য দিয়ে যেতে যেতে সেই অন্ধ ভিক্ষুক দম্পতি আবার অন্ধত্ব বরণ করে নেয়।
‘রঙমহাল’ নাটকের কাহিনি এটি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় থিয়েটার মুরারি চাঁদ সিলেটের এমসি ছাত্র মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটির। কেবল গল্পের জন্য নয়, এর চমৎকার সংলাপ, গানের ব্যবহার এবং অভিনেতা-অভিনেত্রীদের কুশলী দক্ষতায় প্রথম মঞ্চায়নের দিনই নাটকটি মিলনায়তনভর্তি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। নাটকটি রচনা করেছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন ইয়াকুব আলী ও বিধান সিংহ। আজ সন্ধ্যা ছয়টায় একই স্থানে নাটকের দ্বিতীয় মঞ্চায়ন হয়েছে। আগামী শুক্রবার সন্ধ্যা ছয়টায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে নাটকটির তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
প্রথম মঞ্চায়নের পর এক সংক্ষিপ্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর, অধ্যাপক শামীমা চৌধুরী। এ সময় মঞ্চে সহযোগী অধ্যাপক রজত কান্তি সোম, আবুল আনাম মো. রিয়াজ, সাহেদা আখতার, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সাবেক সভাপতি সৈয়দ মনির, নাট্য সংগঠক হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
থিয়েটার মুরারি চাঁদ দলটি সিলেট এমসি কলেজের একটি নাট্যসংগঠন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অভিনয় করেছেন। এর মধ্যে এমরাজ চৌধুরী, সুতপা বিশ্বাস, গোলাম মাহদী, ফাহমিদা এলাহী, রূপক দাস, আঁখি দেব, হাসান আল মাসুম, তুষার দেব, রেজাউল করিম, রুহিত আচার্য্য, রাজীব আহমদ, মোহতাসিম আন নাফি প্রমুখ উল্লেখযোগ্য।