রোকেয়া এবার ফোন থেকে বেরিয়ে আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পোস্টার
সংগৃহীত

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ তৃতীয় মৌসুম শেষ করল। তারপর দর্শকদের দাবি, আরেকটি মৌসুম তৈরি করতে হবে। ইউটিউবে নাটকের মন্তব্যের ঘরে এ দাবি জানাচ্ছেন ভক্তরা। এখনো চলছে সেই উন্মাদনা।
দর্শকের এমন ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম তৈরির কথা ভাবছেন পরিচালক কাজল আরেফিন অমি। তিনি বলেন, ‘তৃতীয় সিজনেই নাটকটি শেষ করতে চেয়েছিলাম। কিন্তু দর্শকের দাবির পরিপ্রেক্ষিতে চতুর্থ সিজন তৈরি করতে হচ্ছে। দর্শকের এই দাবি আমার নির্মাণের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। সুতরাং তাঁদের প্রতি সম্মান রেখেই কাজটি করার কথা ভেবেছি।’ তবে তাঁর কথা, চতুর্থ মৌসুম অবশ্যই তৃতীয়টির চেয়ে ভালো করতে হবে। কারণ, একটি পর্বও খারাপ হলে দর্শকদের কাছে বিরূপ মন্তব্য শুনতে হবে। সেই ঝুঁকি তিনি নিতে চান না।

অমি জানালেন, এরই মধ্যে কাজের প্রস্তুতি শুরু করেছেন তিনি। অমি বলেন, ‘চতুর্থ সিজনের চরিত্রগুলোর ডিজাইন থেকে শুরু করে নানা ধরনের কাজ করছি। তা ছাড়া গল্পের মধ্যে কী কী ধরনের ঘটনা থাকতে পারে, কী কী থাকলে ভালো হবে—এসব ভাবছি, লিখছি।’
কবে নাগাদ কাজটি শুরু হবে? অমি বলেন, ‘কাজ তো শুরু হয়েই গেছে। গল্প, চরিত্রগুলোর উন্নয়ন, এসব নিয়ে কাজ করছি। সবকিছু ঠিক থাকলে শুটিং এ বছরই শুরু হতে পারে।’ গল্পের ধারাবাহিকতা থাকলেও নতুন কিছু যোগ হতে পারে নতুন সিজনে। পাশাপাশি কাবিলা, পাশা, শুভ, হাবু, অন্তরাসহ জনপ্রিয় অনেক চরিত্রই থাকবে। সঙ্গে যোগ হবে আরও কিছু নতুন চরিত্র।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শিল্পীরা
সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের বেশ কয়েকটি চরিত্র আলোচিত। নাটকটিতে কাবিলার প্রেমিকা রোকেয়া চরিত্রটি দর্শক এখনো দেখেননি। শুধু ফোনে তাঁর কণ্ঠ শুনেছেন। তারপরও দর্শক গ্রহণ করেছেন এই তরুণীকে। চতুর্থ সিজনে চরিত্রটি নিয়ে নতুন ভাবনা আছে, জানালেন অমি। তিনি বলেন, ‘দর্শক পর্দায় না দেখে শুধু ফোনে সংলাপ শুনেই রোকেয়াকে পছন্দ করেছেন। এ এক দারুণ ব্যাপার। কে এই রোকেয়া, চরিত্রটি নিয়ে দর্শকের আগ্রহের সীমা নেই। তাঁরা পর্দায় দেখতে চান এই নারীকে। নতুন সিজনে রোকেয়ার অবস্থান কী হবে, তা এখনই বলতে চাননি পরিচালক। তবে এটুকু বললেন, ‘রোকেয়া এবার ফোন থেকে বেরিয়ে আসতে পারে।’

ব্যাচেলর পয়েন্ট নাটকের দৃশ্য
সংগৃহীত

২০১৮ সালের ২৬ জানুয়ারি চ্যানেল নাইনে দেখানো হয় ব্যাচেলর পয়েন্টের প্রথম মৌসুম। পরে এটি প্রচারিত হয় চ্যানেল নাইনের ইউটিউব চ্যানেলে। দ্বিতীয় ও তৃতীয় মৌসুম দেখানো হয় বাংলাভিশনে। এগুলো পরে পাওয়া যায় ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
তিন মৌসুম মিলিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পর্বসংখ্যা ২২৩। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মুনিরা মিঠু, মারজুক রাসেল, সরাফ আহমেদ জীবন, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মিশু সাব্বির, সুমন পাটোয়ারি, চাষী আলম, ফারিয়া শাহরীন, রিয়া প্রমুখ।