লন্ডন মাতিয়েছে আকরাম খানের 'আনটিল দ্য লায়ন্স'

লন্ডন, সন্ধ্যা। ক্যামডেন টাউন। শত সেলিব্রিটির লিগেসি লাগা রাউন্ড হাউসে আকরাম খানের ‘আনটিল দ্য লায়ন্স’-এর অভিষেক দেখতে বসেছি। সামনে, একেবারে বুকের কাছে এক অসাধারণ ৩৬০ ডিগ্রি সেটআপ মঞ্চ কিংবা পৃথিবীর আদি মাটির মোজাইক ফুঁড়ে ধোঁয়া বের হচ্ছে। তার ওপর হস্ত-মাথা-স্কন্ধ-পদ ব্যবহার করে পরিভ্রমণ করে যাচ্ছে একটা প্রাণী। তাঁর লিঙ্গ বোঝা যাচ্ছে না। ধরণি থেকে উঁচিয়ে আছে ছিপের মতো শলাকা। একটির মাথা ঘনঘোর নীল বর্ণ। সারা রাউন্ড হাউসজুড়ে শুরু হয়ে গেছে প্রাকৃতিক মূর্ছনা। মঞ্চের চারদিকে, নিচে বসে আছেন চার সহশিল্পী, ধ্বনি-প্রতিধ্বনিদাতা ও গায়ক।
এভাবেই শুরু করলাম কবি কার্তিকা নায়ারের মহাভারত উপাখ্যান ‘নির্ভর আনটিল দ্য লায়ন্স’-এর অম্বা-ভীষ্ম কাহিনি। কিন্তু এটাকে এভাবে কাহিনিও বলা যাবে না। কারণ, এ ছিল ব্রিটেনের ‘ব্রিলিয়ান্ট মাল্টি অ্যাওয়ার্ড’ জেতা অন্যতম নৃত্য কোরিওগ্রাফার দ্য আকরাম খানের লিঙ্গতত্ত্বের ব্যাখ্যা ও বয়ান।

অবধ্য ভীষ্ম নিজের জন্যও নয়, তাঁর সৎ ভাইয়ের জন্য সয়ম্বর সভা থেকে কাশীরাজ-কন্যা অম্বাকে তাঁর আরও দুই বোনের সঙ্গে হরণ করেন। তারপর মহা হেনস্তা ও রূপান্তর শেষে নেমেসিস অনুযায়ী যা হওয়ার তাই হয়। শিখল্ডিরূপিনী অম্বা তার প্রতিশোধ নেয়। কিন্তু কথা হলো, পুরো এক ঘণ্টায় মহাভারতের অমৃত সমান গল্প কার্তিকা থেকে আমাদের আকরামের ময়ানে কীভাবে মিথ ভেঙে আবার পুনর্জন্ম নেয়, সেটাই এক অত্যাশ্চর্য ঘটনা।
কোরিওগ্রাফিতে তাঁর নিজস্ব ত্বরিৎ-ত্বরান্বিত ও তৎপর মুদ্রাশৈলীর সঙ্গে দেহযোগের অভিন্ন সমাচার দেখে মনে অস্থিরতাও সৃষ্টি হয়। মনে হয়, তিনি এবং ক্ষীণাঙ্গী চিম ইং চিন এবং ওই প্রথমে দেখা প্রাণীবৎ আরেক নারী ক্রিস্টিন জয় রিটার দেহ যেভাবে দলিত-মথিত করে প্রতি মুহূর্তেই নতুন আর এক আউটলাইন আঁকছেন, তা কোনো রক্ত-মাংসের মানুষের কাজ না। এরা মানুষ নয়। কখনো মনে হয়েছে দেহ ক্ষমতা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, সেটাই যেন কোরিওগ্রাফার পরীক্ষা করে দেখছেন। নৃত্যশিল্পে মিশে আছে জিমন্যাস্টিক, ব্যালে, কত্থক, কন্টেম্পোরারি-সব মিলে, আহা! যা ক্ল্যাসিকাল! দেহ যেন এক দুর্দান্ত সময় ও গতির যোগফল। ভাবনার দিক থেকে তা নারীর ভবিতব্যের এক ভীষণ প্রতিশোধ। তাঁর আত্মপরিচয়, অহমিকা, শোধ, প্রতিরোধ, প্রতীক্ষা ও প্রতিজ্ঞা—এর সবই যেন উঠে এসেছে। প্রতিসরণ ঘটেছে ওই তিনজন অসাধারণ শিল্পী ও সহশিল্পী সোহিনী আলম, ডেভিড আজুরাম ভিনসেন জো লামাগনা ও ইয়ারন ইংগারদের অধ্যবসায় ও নিষ্ঠায়। এঁরা মঞ্চের বাইরে থেকে কিন্তু কেন্দ্র ঘিরে এমনভাবে হাঁটাচলা, গাওয়া ও বাজনা করে গেলেন, যে দেশ দৃশ্যে যখন ভূমি ফেটে আগুন উঠে আসছিল আর প্রগাঢ় প্রচ্ছন্নতার মধ্যে যখন ভীম বধ হচ্ছিল, তখন কাউকে আর আলাদা করা গেল না।
আকরাম সেট ডিজাইন, সংগীত, আলো ও নাট্য নিয়ে যাঁদের সঙ্গে কাজ করেছেন, তাঁরা সবাই তাঁর পুরোনো শিল্পসাথি। এঁরা তাঁকে বোঝেন, তিনিও তাঁদের।
‘ইতিহাসে মেয়েরা আন সাং হিরোই থেকে যায়, আমি তাদের সেই হিরোইজম তুলে ধরার কথা মনে রেখেছি।’ মায়ের অনুপ্রেরণায় এ জগতে আসা লিঙ্গ ও যৌনতা বিষয়ে নারীর ভয়-ভালোবাসা-ঘৃণা-বঞ্চনা-অধিকার-অসম্মানের শৈল্পিক শ্রী দিতে গিয়ে তাঁর কী মনে হয়েছে, তা উল্লেখ করে এ ধরনের একটা কথা বলেছেন আকরাম।
‘আনটিল দ্য লায়ন্স’-এর চমৎকার সব রিভিউ দিয়ে ডেইলি টেলিগ্রাফ, গার্ডিয়ান, মেট্রোসহ ব্রিটেনের অনেক পত্রিকার মূল শিল্পকলাম ভরে উঠেছে।
একদিন যে কিশোর আকরামের শুরু হয়েছিল পিটার ব্রুকের ওপেন স্টেজ মহাভারত দিয়ে, যেখানে তিনি ওই অল্প বয়সেই বহুজাতিক ও বহু প্রতিভাধর শিল্পীদের সঙ্গে বিশ্বভ্রমণ করেছিলেন—এ যেন নির্দেশক হিসেবে তারই একটি সফল ফল।
এর পরের প্রযোজনা হিসেবে তাঁর হাতে মহাকাব্যের আর এক পর্বেও পুনর্নির্মাণ দেখতে পাব, নাকি অন্য কিছু করবেন তিনি, জানি না। তবে আমরা তার অপেক্ষায় থাকব।