লাকী ও সোলায়মান পেলেন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় দেওয়া হয় সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা। ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় দেওয়া হয় সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা। ছবি: প্রথম আলো

অভিনেত্রী লাকী ইনাম ও প্রয়াত নাট্যকার এস এম সোলায়মানকে (মরণোত্তর) সম্মাননা জানাল পদাতিক নাট্য সংসদ। শিল্পকলা একাডেমিতে চলছে পদাতিকের সপ্তাহব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। প্রতি বছর সৈয়দ বদরুদ্দীনের নামে এ উৎসবে দেওয়া হয় সম্মাননা।

আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল সম্মাননার আনুষ্ঠানিকতা। এ বছর সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা দেওয়া হলো এস এম সোলায়মান (মরণোত্তর) ও লাকী ইনামকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশের মঞ্চনাটক একটি শক্তিশালী মাধ্যম। মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রাম, চেতনাই বাংলার মঞ্চনাটকের অনন্ত অনুপ্রেরণার উত্স। মঞ্চনাটকের কর্মীরা প্রতিটি সংগ্রাম আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। নাটকের মাধ্যমে তারা বলিষ্ঠ বার্তা পৌঁছে দিচ্ছেন।’ সৈয়দ বদরুদ্দীন হোসাইনকে স্মরণ করে তিনি বলেন, ‘সংস্কৃতিমনা এই মানুষটি ইতিহাসকে গভীরভাবে ভালোবাসতেন; ভালোবাসতেন এই দেশকে ও সংস্কৃতিকে। দেশকে ভালোবেসেই তত্কালীন সময়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রাম, আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।’
এস এম সোলায়মানের পক্ষে স্মারক সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী রোকেয়া রফিক বেবী। প্রতিক্রিয়া জানাতে এসে তিনি বলেন, ‘পদাতিক নাট্য সংসদ আমার নাট্যচর্চার আতুঁর ঘর। আজ দলটি নিজেদের অন্যতম প্রতিষ্ঠাতা এস এম সোলায়মানকে সম্মাননা দিল। তাঁর পক্ষে এটি গ্রহণ করতে পেরে আমি গর্বিত।’ লাকী ইনাম বলেন, ‘প্রয়াত গুণী নাট্যজন এস এম সোলায়মানের সঙ্গে এ সম্মাননা পেয়ে আমি গর্বিত ও ধন্য। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব ছিল। তাকে অকালে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি। তিনি থাকলে আমাদের নাট্যাঙ্গন আরও অনেক কিছু পেত।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব আইটিআই-এর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার ও নাট্যজন মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন। সম্মাননার আনুষ্ঠানিকতা শেষে নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ভারতের নাট্যদল কার্টেন কল এর নাটক ‘অন্তবিহীন’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন পিয়ালী চট্টোপাধ্যায়। নির্দেশনা দিয়েছেন তীর্থংকর চট্টোপাধ্যায়।
একই সময়ে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল ময়মনসিংহের অন্বেষা থিয়েটারের নাটক ‘ভানু সুন্দরী’। নাট্যশালার আঙিনায় পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করে পথনাটক ‘তাহাদের কথা’ এবং দলের শিল্পীরা পরিবেশন করেন গান।
কাল শনিবার উৎসবের চতুর্থ দিনে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করবে ‘কালরাত্রি’। এ ছাড়াও জাতীয় নাট্যশালার আঙিনায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা।