লিট ফেস্টে সৈয়দ হকের নাটক

কিছুদিন আগে প্রয়াত হয়েছেন লেখক সৈয়দ শামসুল হক। কিন্তু আগামীকাল থেকে বাংলা একাডেমিতে শুরু হওয়া ‘লিট ফেস্ট’-এ ঠিকই থাকবে তাঁর উপন্যাসের মঞ্চায়ন। জনপ্রিয় এই লেখকের লেখা নীল দংশন উপন্যাস থেকে ইংরেজিতে ভাষান্তর করে নাট্যরূপ দিয়ে নামকরণ করা হয়েছে ব্লু ভেনম। সেটিই মঞ্চস্থ হবে ফেস্টের প্রথম দিন। আর এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করতে মঞ্চে উঠবেন মঞ্চাভিনেতা আরিক আনাম খান এবং অভিনয়শিল্পী আরেফ সৈয়দ। এখন চলছে মহড়ার কাজ।
মুক্তিযুদ্ধভিত্তিক এই পরিবেশনায় আরেফ সৈয়দ অভিনয় করবেন একজন লেখকের চরিত্রে, যাকে কাজী নজরুল ইসলাম ভেবে তুলে নিয়ে আসে পাকিস্তানি বাহিনী। এদিকে পাকিস্তানি বাহিনীর অফিসার চরিত্রে অভিনয় করবেন আরিক। এমনটাই জানালেন এই দুই অভিনেতা। আরিক বললেন, ‘মঞ্চে এই পরিবেশনা সবারই ভালো লাগবে। খুবই অন্য রকম একটি কাজ। তবে এটাকে ঠিক মঞ্চনাটক বলা যাবে না।’
আরেফ সৈয়দ আলোচনায় এসেছিলেন অনিল বাগচীর একদিন চলচ্চিত্রে অনিল চরিত্রে অভিনয় করে। সেটিও ছিল মুক্তিযুদ্ধভিত্তিক। বললেন, ‘ওটা ক্যামেরার সামনে হলেও এটা সরাসরি দর্শকের সামনে। একটু তো ভয় পাচ্ছি। তবে আশা করছি সব ঠিকঠাকমতো শেষ হবে।’
ব্লু ভেনম নির্দেশনা দিচ্ছেন অভিনেত্রী নায়লা আজাদ নূপুর।