শওকত ওসমানের জন্মশতবার্ষিকীতে 'বাঁধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শওকত ওসমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হবে। সেখানে অনুষ্ঠান শেষে মঞ্চায়িত হবে শওকত ওসমানের গল্প ‘ওই বাঁধে’ অবলম্বনে নাটক বাঁধ।
একাডেমির দেশব্যাপী সাহিত্যনির্ভর নাট্য রচনা ও নির্মাণ কর্মসূচির আওতায় ২০১৪ সালের ১১ জুলাই নাটকটি মঞ্চে আসে। আজ জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে নাটকটির ষষ্ঠ প্রদর্শনী হবে। আজকের প্রদর্শনী নিয়ে নাটকটির নির্দেশক মোহাম্মদ বারী বলেন, ‘ওই বাঁধে গল্পটি ছোটবেলায় পড়েছি। বন্যার সময় বাঁধের ওপর মানুষেরা হানাহানি করলেও পিঁপড়াদের একটি দল একসঙ্গে বন্যার পানিতে বেঁচে থাকার চেষ্টা করে। এ অংশটি মনে দাগ কাটে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি করি। শওকত ওসমানের জন্মশতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে নাটকটি প্রদর্শিত হচ্ছে, এটা খুবই আনন্দের ও সৌভাগ্যের বিষয়।’ শিল্পকলার প্রযোজনায় নাটকটিতে বিভিন্ন দলের নাট্যকর্মীরা অভিনয় করেছেন। মঞ্চ ও প্রকাশনা ডিজাইন করেছেন শাহীনুর রহমান। কোরিওগ্রাফি বাকার বকুল, সংগীত পরিকল্পনা রিফাত আহমেদ, আলোক পরিকল্পনা অম্লান বিশ্বাস ও পোশাক পরিকল্পনা করেছেন এনাম তারা।