শতকে 'লালজমিন'
৩১ মার্চ লালজমিন নাটকের শততম মঞ্চায়ন হতে যাচ্ছে। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা। এর নির্দেশক সুদীপ চক্রবর্তী। এতে এককভাবে অভিনয় করছেন অভিনেত্রী মোমেনা চৌধুরী।
লালজমিন-এর উদ্বোধনী মঞ্চায়ন হয় ২০১১ সালের ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। কথা হলো নির্দেশক সুদীপ চক্রবর্তীর সঙ্গে। তিনি বললেন, ‘শততম মঞ্চায়নের আনন্দটা আমি ৩১ মার্চ সন্ধ্যায় ভাগ করে নিতে চাই সবার সঙ্গে। ঢাকায় মঞ্চায়নের পাশাপাশি এটি বাংলাদেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরেও মঞ্চায়িত হয়েছে।’
এই নাটক নিয়ে অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘শুন্যন রেপার্টরির এই প্রযোজনা মাত্র চার বছর নয় মাস বয়সেই শতক পূর্ণ করছে। মুক্তিযুদ্ধ নিয়ে একক অভিনয় আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। এই নাটকে জড়িয়ে আছে আমার আবেগ, আমার ভালোবাসা।’
৩১ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে লালজমিন।