শনিবার থেকে সপ্তবর্ণা নাট্যোৎসব

নাট্যচক্রের আয়োজনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শনিবার থেকে শুরু হচ্ছে দলের সহসভাপতি গোলাম সারোয়ারের নির্দেশিত সাত নাটক নিয়ে সপ্তবর্ণা নাট্যোৎসব। সপ্তাহব্যাপী এ নাট্যোৎসবে মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমি ও জাপান দূতাবাসের ‘এক শ বস্তা চাল’, ঢাকা থিয়েটার মঞ্চের ‘ঘরজামাই’, নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘ক্লিওপেট্রা’, উত্তরা কালচারাল সোসাইটির ‘বিবাহ প্রস্তাব’, নাট্যবেদের ‘কমলাকান্ত’, পদাতিক নাট্যসংসদের ‘কালের যাত্রা’ এবং নাট্যচক্রের ‘ভদ্দরনোক’।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাট্যচক্রের সভাপতি ম হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক গোলাম সারোয়ার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী ও সমাপনী দিনে নাট্য মঞ্চায়নের পাশাপাশি একাডেমির জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।