শিল্পকলা একাডেমি এখনো চুপচাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটি শেষ হলেও এখনো সরব হয়নি শিল্পকলা একাডেমি l ছবি: প্রথম আলো
ঈদের ছুটি শেষ হলেও এখনো সরব হয়নি শিল্পকলা একাডেমি l ছবি: প্রথম আলো

মাত্র শেষ হলো বৃষ্টি। পরিষ্কারের কাজ করছেন একজন। প্রাণচাঞ্চল্যে ভরপুর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অঙ্গন গতকাল সোমবার দেখা গেল কিছুটা সুনসান। ঈদের ছুটিতে বন্ধ থাকার পর খুলেছে শিল্পকলা একাডেমি। নাট্যকর্মী আর দর্শকের আড্ডায় মুখরিত হতে আরও দিন দু-এক লাগবে। 

গত ২৩ জুন ঈদের ছুটিতে শিল্পকলা একাডেমি বন্ধ হয়ে যায়, খুলেছে ২৮ জুন। একাডেমির অফিশিয়াল কাজ শুরু হলেও নাট্য প্রদর্শনী ও অন্যান্য পরিবেশনা এখনো শুরু হয়নি। একাডেমি আঙিনায় দেখা হয় একজন নাট্যকর্মীর সঙ্গে। তিনি আগামী আগস্ট মাসের মিলনায়তন বুকিং দিতে এসেছেন। একাডেমি সূত্র জানায়, শিল্পকলা একাডেমি খোলার পর কোনো অনুষ্ঠান এখনো হয়নি। হল বরাদ্দ থাকলেও দলগুলো তা বাতিল করেছে। অনেক নাট্যকর্মী এখনো ঢাকায় ফেরেননি। তা ছাড়া দর্শকও এখনো ঈদের আমেজ কাটিয়ে ওঠেননি।
২ জুলাই প্রদর্শনী হয়নি। ৩ ও ৪ জুলাইয়ের প্রদর্শনীও বাতিল করা হয়েছে। ৫ জুলাই থেকে জাতীয় নাট্যশালার মূল হল ও পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শনী শুরু হবে। ৫ তারিখে জাতীয় নাট্যশালার মূল হলে লোক নাট্যদলের তিন যুগ পূর্তি উৎসবের উদ্বোধন হবে। পরীক্ষণ থিয়েটার হলে থাকছে থিয়েটারওয়ালা রেপার্টরির জবর আজব ভালোবাসা। এ ছাড়া ৬ জুলাই সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের মিলনায়তনে থাকছে চর্যা গানের আসর। দর্শকের আনাগোনা এখনো শুরু না হলেও নাট্যশালা প্রস্তুত, প্রস্তুত নাট্য আয়োজনও। এখন শুধু দর্শকের জন্য অপেক্ষা।