শিল্পকলা একাডেমিতে চর্যা গীতিনৃত্য প্রশিক্ষণ

গতকাল বুধবার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে নেপালের নৃত্যগুরু চন্দ্রমান মুনিকরের পরিচালনায় মাসব্যাপী নৃত্য কর্মশালা। এতে চর্যানৃত্যের ওপর প্রশিক্ষণ দিচ্ছেন এই নৃত্যশিক্ষক।
প্রায় হাজার বছর আগে বাংলাদেশের পাহাড়পুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বৌদ্ধধর্মীয় চর্যাগীতি ও নৃত্যের প্রচলন ছিল। কালের বিবর্তনে এখন তা বাংলাদেশ থেকে বিলুপ্ত। তবে নেপালে এখনো এর প্রচলন আছে।
কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত মঙ্গলবার। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চর্যানৃত্য নিয়ে আলোচনা করেন চন্দ্রমান মুনিকর। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের গৌড়ীয় নৃত্য গবেষক মহুয়া মুখোপাধ্যায়, বাংলাদেশের নৃত্যশিল্পী আমানুল হক, জিনাত বরকত উল্লাহ, মিনু হক, গোলাম মোস্তাফা খান, দীপা খন্দকার, মুনমুন আহমেদসহ অনেকে।

উদ্বোধনীতে চন্দ্রমান মুনিকর বলেন, চর্যানৃত্যে খানিকটা অন্য ধরনের। সাধারণ নৃত্যের চেয়ে এর তাল, লয় ও ছন্দ ভিন্ন। দেহ ও মনের পরিশুদ্ধিতে এ নৃত্যে আছে এক মরমি ধারা। তাই চর্যানৃত্যের মাধ্যমে দেহ ও মনের সংযোগ সাধন সম্ভব।
শিল্পকলা একাডেমির জনসংযোগ শাখা প্রতিনিধি এস এম সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রথমবারের মতো আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা এবং ঢাকা মহানগরী থেকে প্রায় শতাধিক নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছে। একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনে প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহড়া চলছে। শুধু শিক্ষার্থীরাই নয়, মহড়ায় প্রতিদিনই দেশের বরেণ্য ও জনপ্রিয় নৃত্যশিল্পী ও পরিচালকবৃন্দ উপস্থিত থেকে চর্যানৃত্য সম্পর্কে ধারণা গ্রহণ করছেন।