ঝলমলে আলোর রোশনাই আর আতশবাজির শব্দে সচকিত গোটা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ। আকাশে উড়ল ফানুস। একাডেমীর মাঠের দক্ষিণ পাশে নতুন তৈরি মঞ্চের স্বচ্ছ পানিতে এক অনিন্দ্যসুন্দর পরিবেশ সৃষ্টি করেছে মঞ্চের চারপাশে স্থাপিত কৃত্রিম ঝরনা। সেই পানিতে নানা রঙের আলোকচ্ছটা ফুটে উঠতেই দর্শকদের মুহুর্মুহু করতালি।
মঞ্চ ও জলাধার ঘিরে রয়েছে এক থেকে দেড় হাজার দর্শকের বসার ব্যবস্থা। বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে তৈরি এ মঞ্চের নাম দেওয়া হয়েছে ‘নন্দন মঞ্চ’। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর বিচিত্র আয়োজনের মধ্য দিয়ে গতকাল নন্দন মঞ্চের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর উন্মুক্ত চত্বরে এ মঞ্চের উদ্বোধনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়।
নন্দন মঞ্চের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সমবেত ভাওয়াইয়া গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের শিল্পীরা। এরপর মৃদঙ্গ, পাখোয়াজ, তবলা ও হারমোনিয়ামে মায়াবী সুরের মূর্ছনা সৃষ্টি করেন তালবাদ্য যন্ত্রের শিল্পীরা। এই আয়োজনে সমবেত নৃত্য পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল, নৃত্যালেখ্য ও বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা। শেষে ছিল আক্রোবেটিক প্রদর্শনী।