শিল্পকলায় আজ গাধার হাট ও বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশরীয় নাট্যকার আলফ্রেড ফারাগ এবং তৌফিক আল হাকিম
মিশরীয় নাট্যকার আলফ্রেড ফারাগ এবং তৌফিক আল হাকিম

মঞ্চের জন্য একসঙ্গে নতুন দুটি নাটক নিয়ে আসছে নাট্যকেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাটক দুটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে। এতে অভিনয় করবেন নাট্যকেন্দ্রের তরুণ শিল্পীরা।
মিসরীয় নাট্যকার আলফ্রেড ফারাগের লেখা ‘দ্য ট্র্যাপ’ এবং তৌফিক আল হাকিমের নাটক ‘ডংকি মার্কেট’ অবলম্বনে নাটক দুটি রূপান্তর করেছেন নাট্যকেন্দ্রের প্রধান সম্পাদক তারিক আনাম খান। রূপান্তরিত নাটক দুটির একটির নাম ‘বন্দুক যুদ্ধ’ ও অন্যটির নাম ‘গাধার হাট’।
তারিক আনাম খান জানান, আজ সন্ধ্যায় উদ্বোধনী প্রদর্শনীর পর শুক্রবার একই মিলনায়তনে সন্ধ্যা ৬টায় একটি এবং রাত ৮টায় আরেকটি প্রদর্শনী করা হবে। এ ছাড়া, শনিবার সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে থাকবে আরও একটি প্রদর্শনী।
তিনি জানান, স্বল্পদৈর্ঘ্য এ নাটক দুটি সমসাময়িক ও প্রাসঙ্গিকতায় সামঞ্জস্যপূর্ণ। ফলে দর্শকদের ভালো লাগবে। এ ধরনের স্বল্পদৈর্ঘ্যের নাটকের চর্চা ঢাকার থিয়েটারকে সমৃদ্ধ করবে বলেই তিনি বিশ্বাস করেন।
‘বন্দুকযুদ্ধ’ নাটকে অভিনয় করছেন আরিক, শরীফ হোসেন ইমন, নির্যাস প্রমুখ। এবং ‘গাধার হাট’ নাটকে অভিনয় করছেন সাইফ আহমেদ, সঙ্গীতা চৌধুরী, নোমান আহমেদ এবং খান আতিক।
নাটক দুটি নাট্যকেন্দ্রের যথাক্রমে ১৩ ও ১৪ তম প্রযোজনা।