শিল্পকলায় আজ মিলবে 'শাস্তি'

শিল্পকলা একাডেমিতে গেলে আজ শনিবার দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে মঞ্চনাটক। পরীক্ষণ থিয়েটারে স্বরবীথি থিয়েটার (নবাবপুর)-এর নিয়মিত প্রযোজনা ‘শাস্তি’ প্রদর্শনী হবে একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। আজ নাটকটির ৫৫তম প্রদর্শনী। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি একই হলে ৫০তম প্রদর্শনী হয়েছে। এটি দলের ১০তম প্রযোজনা।
‘শাস্তি’ নাটকের গল্পে গ্রাম-বাংলার খেটে খাওয়া মানুষের কথা বলেছেন কবি। ছিদাম, দুঃখীরামকে ঘিরে কাহিনি এগিয়ে যায়, তাদের অর্ধাহার, অনাহারের সংগ্রামী জীবনকে আগলে রাখে বড় বউ মাধবী। দৃশ্যপটে জীবনের তাগিদে আসে চন্দরা, ছিদামের স্ত্রী। ছিদাম চন্দরাকে শুধু অবহেলাই করেনি, চন্দরার বুকে জমে থাকা হিমালয়ের মতো ভালোবাসার বিন্দুমাত্রও তাকে স্পর্শ করেনি। তাই তো সে বলে, ‘বউ গেলি বউ পাব ফের, কিন্তু দাদা গেলি তো দাদা পাবনি।’ এই দুর্বোধ্য সহোদরপ্রীতির সূক্ষ্ম ছিদ্র গলে ঢুকে পড়ে কুটিল জমিদার, নায়েবদের নিপীড়ন, দুঃশাসন। ফাঁসির মঞ্চে দাঁড়ানো চন্দরার অভিমানের তীব্রতা ওয়ার্ডেনকে করে আবেগতাড়িত। তার দীর্ঘ পেশাগত জীবনে এক অবিস্মরণীয় ঘটনা। এই কাহিনি অবলম্বনে আজকের মঞ্চ নাটক ‘শাস্তি’।
নাটকটির নির্দেশনা দিয়েছেন শওকত হাসান। তিনিসহ নাটকটিতে আরও অভিনয় করেছেন মিজানুর রহমান, পূর্ণিমা সরকার, শিখা রহমান, আরিফ আল মামুন, রুহুল আমিন,সুবর্ণা রায়, মো. জাহিদ, সাজ্জাদ হাসান ও মো. সেলিম।