শিল্পকলায় কাল তনুশ্রী পদক প্রদান ও 'আয়না বিবির পালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আয়না বিবির পালা’ নাটকের একটি দৃশ্য
‘আয়না বিবির পালা’ নাটকের একটি দৃশ্য

নাটকের দলে কাজ করতেন তনুশ্রী। বয়স তখন মাত্র আঠারো; সে সময়েই ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০০ সালে মারা যান এই তরুণ নাট্যকর্মী। দলের এই নবীন নাট্যকর্মীর স্মৃতি ধরে রাখতে ২০০১ সাল থেকে ‘তনুশ্রী’ পদক প্রবর্তন করে নাটকের দল ‘নাট্যধারা’। এ বছর ১৫তম বারের মতো তনুশ্রীর নামে দেওয়া হচ্ছে ‘সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক ২০১৫ ’।

আগামী কাল ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই পদক প্রদান উপলক্ষে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। তাতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, গোলাম কুদ্দুছসহ আরও অনেকে।

এ প্রসঙ্গে নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেজ জানিয়েছেন, ‘তরুণদের মধ্যে যাঁরা প্রতিশ্রুতিশীল। যারা নাটক ও সংশ্লিষ্ট শিল্পে ভালো কাজ করছে, তাঁদেরই এই পদক দেওয়া হয়। তিনি বলেন, তনুশ্রী পদকের জন্য তিনটি ধাপে মনোনয়ন ও নির্বাচন করা হয়। জরিপের মধ্য দিয়ে তালিকা প্রণয়ন, মনোনয়ন ও সবশেষে জ্যেষ্ঠ নাট্যব্যক্তিত্বদের নিয়ে গঠিত একটি জুরি বোর্ড মনোনয়নপ্রাপ্ত কর্মীদের থেকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে পদকের জন্য কর্মী নির্বাচন করেন।’

আগামীকাল পদক প্রদানের অনুষ্ঠানে গান, কোরিওগ্রাফিসহ থাকবে নাট্যধারার বিশতম প্রযোজনা— নাটক ‘আয়না বিবির পালা’র ২২ তম প্রদর্শনী।


নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রবিউল আলম। লোকজ পালার আদলে এই নাটকে সতী-সাবিত্রী থেকে শুরু করে আধুনিক যুগের “আয়না বিবি”দের কাহিনি দেখা যাবে।