শিল্পকলায় 'বন্দুকযুদ্ধ' ও 'গাধার হাট'

শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে নাট্যকেন্দ্রের দুই নাটকের জোর মহড়া চলছে। একটি নাটকের নাম ‘বন্দুকযুদ্ধ’ অপরটির নাম ‘গাধার হাট’। এ দুটি নাটকেরই নাট্যরূপ ও নির্দেশনা তারিক আনাম খানের। প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি জানালেন, পড়তে পড়তেই দুই মিসরীয় নাট্যকারের এ দুটি নাটক খুঁজে পাওয়া। পড়তে খুব ভালোবাসেন অভিনেতা তারিক আনাম খান। আর বিষয় হিসেবে নাটকে তাঁর আগ্রহ যেন আসক্তির। কথা প্রসঙ্গে জানালেন— এভাবেই মিসরীয় নাট্যকার আলফ্রেড ফারাগের ‘দ্য ট্র্যাপ’ আর সে দেশেরই আরেক প্রখ্যাত নাট্যকার তৌফিক আল হাকিমের ‘দ্য ডংকি মার্কেট’ তাঁর আগ্রহ সৃষ্টি করেছিল। ‘দ্য ট্র্যাপ’ বাংলায় হয়েছে ‘বন্দুকযুদ্ধ’ আর ‘দ্য ডংকি মার্কেট’ হয়েছে ‘গাধার হাট।
নাটক দুটির মঞ্চায়ন নিয়ে তারিক আনাম খান বলেন, ‘এ দুটি নাটকই তিরিশ মিনিটের। একটি নাটকের পর মাঝে ১৫ মিনিটের বিরতি দিয়ে আবার আরেকটি শুরু করব। শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে ১৭ ও ১৮ সেপ্টেম্বর এ নাটক দুটির মঞ্চায়ন হবে।’ তিনি বলেন, ‘চূড়ান্ত মঞ্চায়নের আগে ১৪ ও ১৫ সেপ্টেম্বর এর কারিগরি মঞ্চায়ন হবে।
মিসরীয় নাটক থেকে বাংলায় করা কেন? এমন প্রশ্নে তারিক আনাম খান জানিয়েছেন, মূলত সমসাময়িক নানা বাস্তবতার সঙ্গে প্রাসঙ্গিক বলেই আগ্রহী হয়েছিলেন তিনি। বললেন, ‘বাংলায় রূপান্তরের পরও এ শুধু বাংলাদেশকেন্দ্রিক নয় বরং এর কাহিনির বয়ানে দুটি নাটকের বিস্তৃতিই সমসাময়িক ও বৈশ্বিক।’
'বন্দুকযুদ্ধ' ও 'গাধার হাটে'র মতো পর পর দুটি নাটকের মঞ্চায়ন নাট্যকেন্দ্র থেকে এর আগেও করেছিলেন তারিক আনাম খান। কথা প্রসঙ্গে জানালেন, ১৯৯৩ সালের দিকে গ্যোটে ইনস্টিটিউটে 'সুখ' ও 'জেরা' নামের দুটি নাটকের মঞ্চায়ন হয়েছিল। সে নাটক দুটিও ছিল মিসরীয়। মিসরীয় নাটকের প্রতি কোনো দুর্বলতা? এমন কথায় জানালেন, তেমন কোনো দুর্বলতা নেই। বাস্তবতার মিল আর সমসাময়িক বলেই করা।
তারিক আনাম খান আরও জানিয়েছেন, দুটি নাটকেরই সেটের পরিকল্পনা তাঁর। সংগীতায়োজন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ইউসূফ হাসান। আলোক পরিকল্পনায় নাসিরুল হক খোকন। নাটকের সংগীতের দায়িত্বে কনক। আর সার্বিক তত্ত্বাবধান ও অন্যান্য দায়িত্বে রয়েছেন ঝুনা চৌধুরী।