শিল্পকলায় মণিপুরি থিয়েটার নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে ঘুরে, রাস্তায় মঞ্চ বেঁধে, মণ্ডপে পাটি বিছিয়ে নাটক করেন মণিপুরি সম্প্রদায়ের সদস্যরা। নিজেদের অঞ্চলে তাঁরা প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ থিয়েটার স্টুডিও ‘নটমণ্ডপ’। বাঁশ, মাটি ও টিনের সে স্টুডিওতে এখন টিকিট কেটে নাটক দেখেন দর্শকেরা। নিজেদের সেসব নাটক নিয়ে তাঁরা আসছেন ঢাকার মঞ্চে।
২৪ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হচ্ছে ‘মণিপুরি থিয়েটার নাট্যোৎসব’। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাট্যশালার মূল মিলনায়তন, স্টুডিও থিয়েটার ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে থাকবে যথাক্রমে লেইমা, ইঙাল আঁধার পালা, শ্রীকৃষ্ণ কিত্তন, দেবতার গ্রাস ও কহে বীরাঙ্গনা নাটকগুলো। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি শুভাশিস সিনহা বলেন, নাটক শুরুর আগে সন্ধ্যা ছয়টা থেকে আধা ঘণ্টা থাকবে মণিপুরি নৃত্য ও লোকগান। উৎসব উপলক্ষে ২৫ ডিসেম্বর বেলা তিনটায় নাট্যশালার সেমিনারকক্ষে রয়েছে মুক্ত আলোচনা ‘বাংলাদেশের জাতিসত্তার সাংস্কৃতিক বৈচিত্র্য ও থিয়েটার’।
মণিপুরি সংস্কৃতি ও ভাষা রক্ষার দলগত চর্চার দুই দশক উদ্যাপনের ধারাবাহিক আয়োজনের অংশ এ উৎসব। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘোড়ামারা গ্রামের মণিপুরি সম্প্রদায়ের অধিবাসীদের নিয়ে গড়ে উঠেছে দলটি। গত ২০ বছরে ৩০টি প্রযোজনার মধ্যে ১৮টি নাটকই মণিপুরি ভাষায় নির্মিত। ১০টি বাংলা ও বাকি ২টি নাটকে আছে উভয় ভাষার মিশ্রণ।