শিল্পকলায় শিশু-কিশোর ও যুব নাট্য দিবস উদযাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে শিশু-কিশোর ও যুব নাট্য দিবসের অনুষ্ঠান শুরু হয়
জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে শিশু-কিশোর ও যুব নাট্য দিবসের অনুষ্ঠান শুরু হয়

বিশ্বের শিশু-কিশোর ও যুব নাট্যকর্মীদের সঙ্গে বাংলাদেশেও ব্যাপক-উৎসাহ-উদ্দীপনায় আজ রোববার আন্তর্জাতিক শিশু-কিশোর ও যুব নাট্য দিবস উদ্‌যাপিত হয়েছে।

এবার এমন এক পরিবেশে দিবসটি পালিত হচ্ছে যখন দেশে শিশুহত্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। তাই এবার স্লোগান নির্ধারণ করা হয় ‘শিশুহত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’। শিশুহত্যা বন্ধ এবং শিশুদের ভালোবাসার আহ্বান জানিয়ে দিবসটি পালন করা হয়। এবারও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ) এবং শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চৈত্রের সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন হয়। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান। মূল আলোচক ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা সুলতানা কামাল। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
২০০১ সালে আন্তর্জাতিকভাবে দিনটিকে বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ওই বছর থেকেই বাংলাদেশে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের (পিটিএ) উদ্যোগে সারা দেশে পিটিএর ২৬২টি সদস্য সংগঠন এ দিনটি উৎসাহ-উদ্দীপনায় পালন করে আসছে। সাংস্কৃতিক পর্বে নৃত্য, গান, নাটিকা, জাদু, অ্যাক্রোবেটিক ও ক্লাউন শো প্রদর্শন করে বাংলা কলেজ যুব থিয়েটার, দৌড় শিশু নাট্যদল, শিল্পকলা একাডেমি শিশু দল, নাট্যভূমি, মৈত্রী শিশুদল, কল্পরেখা, বন্ধুমহল শিল্পী সংস্থা, পিদিমসহ ঢাকা ও ঢাকার বাইর থেকে আগত বিভিন্ন সংগঠনের শিশু-শিল্পীরা।