শিল্পকলায় 'অমাবস্যা'

বৃন্দা সাঁই গ্রামে কুড়িয়ে পাওয়া নবজাতক কন্যাশিশু মালতীকে লালন করে বড় করে তোলে নিঃসন্তান কানাই লাল দম্পতি। বাণিজ্যের সন্ধানে আসা ভিনদেশি যুবক সেলিমের সঙ্গে হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয় মালতী। দুজনের সম্পর্কের মাঝে প্রাচীর হয়ে দাঁড়ায় সমাজ ও ধর্ম।
‘অমাবস্যা’ নাটকের পটভূমি এটা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাটক ‘অমাবস্যা’। নাটকের দল নাট্যপুরাণ মঞ্চায়ন করেছে ব্যতিক্রমী কাহিনির নাটকটি। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন প্রবীর দত্ত।
নাটকের গল্পের একপর্যায়ে দেখা যায়, লোকলজ্জা ও কলঙ্কের ভয়ে মালতীকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। কিন্তু আত্মার সঙ্গে আত্মার বন্ধন কেউ ছিন্ন করতে পারে না। স্বামীর বাধা, সমাজ ও সংসারকে উপেক্ষা করে মালতী চলে আসে তার ভালোবাসার মানুষ সেলিমের কাছে। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি।
‘অমাবস্যা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা হাসান, সারা অরনী, ইলোরা, মেহরাব, নুর-ই-আলম, তুষার রায়, কাজী জিলানী, ইকবাল হোসেন, সারওয়ার হোসেন, জিহাদুল ইসলাম, শংকর সরকার, শামীম আহমেদ প্রমুখ।