শিল্পীর পাশে শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবানী সুন্দরী নাটকের দৃশ্য
শিবানী সুন্দরী নাটকের দৃশ্য

মঞ্চের নাট্যশিল্পীদের চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠন করেছে ‘মঞ্চ নাট্যশিল্পীর চিকিৎসা সহায়তা তহবিল’ নামের একটি তহবিল। নিয়মিত মঞ্চের ভালো নাটক প্রদর্শনীর মাধ্যমে অর্থ সংগ্রহ করে এ তহবিলে জমা হবে। ফেডারেশন সূত্র জানিয়েছে, এরই মাঝে ২১ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটক প্রদর্শনীর মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। এদিন মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করে তাদের নাটক শিবানী সুন্দরী। গত শুক্রবার মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের সার্কাস সার্কাস। এ ছাড়া আগামী ৪ আগস্ট যশোর জেলার বিবর্তন নাট্যদলের মাতব্রিং এবং ৫ আগস্ট নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের ক্রীতদাসের হাসি।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান বলেন, ‘নাটকের মানুষেরা অসুস্থ হলে বারবার আমাদের সরকারের কাছেই সহায়তা চাইতে হয়। আমরাও তো আমাদের পাশে দাঁড়াতে পারি।’

সূত্র আরও জানায়, ইতিমধ্যে তহবিল গঠনের জন্য ব্যাংকে হিসাব খোলা হয়েছে। দেশজুড়ে নাটকের সব দলকে যুক্ত করার চেষ্টা করা হবে। সারা দেশে প্রায় সাড়ে ৩০০ দল আছে। এ ছাড়া ব্যক্তিপর্যায় থেকে শুরু করে সবার কাছেই এই তহবিল গঠনের জন্য সহযোগিতা চাওয়া হবে।

সহযোগিতা কীভাবে দেওয়া হবে? আকতারুজ্জামান বলেন, একটা কমিটি থাকবে। নীতিমালা থাকবে। সে অনুযায়ী তহবিল থেকে সহযোগিতা করা হবে। হয়তো তাকে পরিপূর্ণ সহযোগিতা করাটা সম্ভব হবে না, কিন্তু একটা সাহায্য দেওয়া হবে।

উদ্যোগটি নিয়ে কী ভাবছেন নাট্যকর্মীরা? থিয়েটার নাট্যদলের সদস্য সুব্রত মণ্ডল বলেন, ‘আমার মতে এ উদ্যোগ খুবই ভালো।’ তবে কেউ কেউ বলেছেন যেন উদ্যোগটি আবার থেমে না যায়। পলাশ হেনড্রি সেন বলেন, ‘আমরা বেশির ভাগ ক্ষেত্রেই দেখি, যাঁরা প্রবীণ শিল্পী তাঁদের কেউ খোঁজখবর নেয় না। যেটা হয় তিনি এখন কাজ করতে পারছেন না, তিনি ফুরিয়ে গেছেন, তাই তেমন খোঁজ নেওয়া হয় না। এই সাহসী উদ্যোগ যেন বন্ধ না হয়।’