শুক্রবার আসছে 'রাজার চিঠি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজার চিঠি নাটকের চূড়ান্ত মহড়ার একটি মুহূর্ত।
রাজার চিঠি নাটকের চূড়ান্ত মহড়ার একটি মুহূর্ত।

১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তর লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠি এবং রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এই কাহিনি নিয়েই ‘রাজার চিঠি’ নাটকটি লেখা। আগামীকাল ঢাকার মঞ্চে যোগ হচ্ছেন এ নাটকটি।
জাগরণী থিয়েটার মঞ্চে নিয়ে আসছে ‘রাজার চিঠি’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৬টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
নাটকটি লিখেছেন মাহফুজা হিলালী এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। নতুন এ নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন, অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি। ধর্মীয় উন্মাদনা, সামাজিক অসহিষ্ণুতা পারস্পরিক দ্বন্দ্ব আর অর্থ লালসা সমাজটাকে অদৃশ্য ঘুণে ধরা পোকার মতো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এমনি এক সময়ে দাঁড়িয়ে ‘রাজার চিঠি’ নাটকটি নির্দেশনার জন্য বেছে নিতে যথার্থ মনে হয়েছে। একমাত্র রবীন্দ্রচর্চাই পারে বর্তমান সমাজকে পথ দেখাতে। আজ বড় বেশি প্রয়োজন একটি রাজার চিঠি এবং তার আদর্শকে আঁকড়ে রাখা দেশপ্রেমিক হরিদাস বসাকের মতো মানুষের।
নাট্যকার মাহফুজা হিলালী জানান, নাটকে বাংলা নাটকের প্রাচীন আঙ্গিক অনুসরণ করেছেন তিনি। এখানে অনুপমা চরিত্রটি একদিকে যেমন সূত্রধরের কাজ করেছে, অন্যদিকে কাহিনির একটি চরিত্রও হয়েছে। তিনি বলেন, এ নাটকে একটি পরিবারের দৈনন্দিন জীবনের সঙ্গে রবীন্দ্রসাহিত্যের খণ্ডচিত্র জুড়ে দিয়ে জীবনের একটি পূর্ণাঙ্গ চিত্র আঁকার চেষ্টা করেছি।
দলের সাধারণ সম্পাদক স্মরণ সাহা প্রথম আলোকে জানান, কালকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ এনামুর রহমান। প্রদর্শনীর উদ্বোধন করবেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি ঝুনা চৌধুরী ও মহাসচিব আকতারুজ্জামান এবং পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। ‘রাজার চিঠি’ জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা।

রাজার চিঠি নাটকটি দলের ১৫ তম প্রযোজনা
রাজার চিঠি নাটকটি দলের ১৫ তম প্রযোজনা