শুরু হচ্ছে দ্বিতীয় জাতীয় নৃত্যনাট্যোৎসব

আজ সোমবার শুরু হচ্ছে দ্বিতীয় জাতীয় নৃত্যনাট্যোৎসব। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে আট দিনব্যাপী হবে এ উৎসব। উৎসবটির আয়োজন করছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে নৃত্যনাট্য নকশী কাঁথার মাঠ। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশিত এই নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন ফারহানা চৌধুরী।
এর আগে সন্ধ্যা ছয়টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা ও সাড়ে সাতটায় দুটি করে নৃত্যনাট্য মঞ্চস্থ হবে। ২২ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই উৎসবে দেখা যাবে ১৫টি নৃত্যনাট্য: নকশী কাঁথার মাঠ, বারামখানা, শ্যামা, কাল মৃগয়া, কবর, মহাজনের নাও, শাপমোচন, ইছামতির বাঁকে, ভানু সিংহের পদাবলী, সোনাই মাধব, আমার স্বদেশ আমার ভালোবাসা, চিত্রাঙ্গদা, মহুয়া, প্রসঙ্গ ৪৭, রক্ত লাল অহংকার।
২২ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, নৃত্যব্যক্তিত্ব লায়লা হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক।