
হঠাৎ ‘টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’ গানের সঙ্গে ঢোল হাতে মিলনায়তনের বিভিন্ন দিক থেকে নৃত্যশিল্পীরা এলেন মিলনায়তনে। সমবেত উদ্বোধনী নৃত্যের পর অতিথিরা এসে আলোকিত করলেন সুবিশাল মঞ্চটি। সবার বক্তব্যের পর একটি গরুর গাড়ির অনুকৃতি এল মঞ্চে। অতিথিরা সেখানে জ্বালালেন প্রদীপ। এ রকম ব্যতিক্রমী ছিল গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন।
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত দুই দেশেরই সংস্কৃতির একটি শক্তিশালী ধারা নাটক, উৎসবের মাধ্যমে তার সঙ্গে আবারও পরিচয় হবে সবার।’
এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির উদ্দেশে। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘নাটক ছিল তাঁর প্রাণ। স্বপনে-জাগরণে-বাস্তবে তিনি সব সময় নাটক নিয়েই মাতামাতি করতেন।’
উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুন্ডু, বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ-হক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন ঝুনা চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। স্বাগত বক্তব্য দেন উত্সব পর্ষদের সদস্যসচিব নাট্যজন আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন উৎসব পর্ষদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ।
গতকাল উদ্বোধনী সন্ধ্যায় মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ভারতের হ-য-ব-র-ল নাট্যদলের নাটক ঈপ্সা, মিলনায়তনে প্রাঙ্গণেমোরের ঈর্ষা এবং স্টুডিও থিয়েটার হলে কণ্ঠশীলনের যা নেই ভারতে।
উত্সবে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।