শুরু হলো কত্থক নৃত্য উৎসব

শুধু নান্দনিকতাই নয়, শাস্ত্রীয় ধারার কত্থক নৃত্যের মধ্যে রয়েছে সম্প্রীতির বার্তা। এই নাচের মাধ্যমে একই সঙ্গে নানা ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে। সে ক্ষেত্রে সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি দেশের নৃত্যশিল্প চর্চায় কত্থক নৃত্য উৎসব বিশেষ গুরুত্ব বহন করে। এর মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীরা যেমন উৎসাহিত হবেন, তেমনি দেশব্যাপী এই শিল্পচর্চার প্রসার ঘটবে। ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘কত্থক নৃত্য উৎসব’–এর উদ্বোধনীতে এসব কথা বলেন বক্তারা।

শাস্ত্রীয় নৃত্যের যতগুলো জনপ্রিয় ধারা আছে, তার মধ্যে অন্যতম কত্থক নৃত্য। নাচের মুদ্রার সঙ্গে শিল্পী অভিব্যক্তি—গল্প বলার ছলে উপস্থাপিত ভারতীয় এ নৃত্যধারার নিরলস চর্চা করছেন অনেকেই। এ নৃত্যের অনুরাগীর সংখ্যাও বাড়ছে দিন দিন। সেই প্রেক্ষাপটে এ নৃত্যের সাধনায় সম্পৃক্ত শিল্পীদের শৈল্পিক রূপ-মাধুর্য মেলে ধরা এবং তাঁদের উৎসাহিত করতে শুরু হলো তিন দিনব্যাপী ‘কত্থক নৃত্য উৎসব’। অষ্টমবারের মতো এ উৎসব আয়োজন করেছে কত্থক নৃত্য সম্প্রদায়। গতকাল থেকে শুরু হওয়া তিন দিনের উৎসবটি শেষ হবে আগামী বৃহস্পতিবার। উৎসবে একক ও সম্মেলক পরিবেশনায় ঢাকার শিল্পীদের সঙ্গে উৎসবে শামিল হয়েছেন দেশের নানা প্রান্তের আট জেলার শিল্পীরা।

পৌষের সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য নৃত্যশিল্পী লায়লা হাসান। বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী গোলাম মোস্তফা ও মুনমুন আহমেদ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের পরিচালক সাজু আহমেদ। উদ্বোধনীতে কত্থক নৃত্যশিল্পী জীনাত জাহানের নামাঙ্কিত স্মৃতি পদক দেওয়া হয়। এ বছর পদক পেয়েছেন নৃত্যশিল্পী মীনু হক। তাঁর হাতে সম্মাননা স্মারক ও সম্মানী তুলে দেন অতিথিরা। এর আগে শুরুতে প্রয়াত তবলাবাদক নির্মল কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরুতেই এক মিনিটের নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় নৃত্য পরিবেশনা। মুদ্রার সঙ্গে অভিব্যক্তির সম্মিলনে কত্থকের নৃত্যশৈলীতে মুগ্ধতা ছড়ান শিল্পীরা। হাত-পায়ের ছন্দের সঙ্গে চোখের কারুকাজে উপস্থাপিত হয় এ নাচের নান্দনিকতা। শুরুতেই একক পরিবেশনায় স্রষ্টার বন্দনা উপস্থাপন করেন সাজু আহমেদ। এ ছাড়া একক নাচের আশ্রয়ে ময়ূরের অঙ্গভঙ্গি মেলে ধরে ‘মেঘ মালিকা’ শীর্ষক পরিবেশনা উপস্থাপন করেন নতুন প্রজন্মের নৃত্যশিল্পী ঐশী। মালকোষ রাগে তারানায় ভর করে নাচ করেন অর্পিতা। ছিল বেশ কয়েকটি দলীয় পরিবেশনা।

আজ বুধবার উৎসবের দ্বিতীয় দিন। এদিন দেখা মিলবে বিভিন্ন জেলার শিল্পীদের দলীয় ও একক পরিবেশনা। এদিনের অন্যতম আকর্ষণ হবে ‘শ্রী রাধার মানভঞ্জন’ শীর্ষক নৃত্যনাট্য। এটি পরিবেশন করবে মৌলভীবাজারের ‘নূপুরের নিক্বণ’ নামের নৃত্যদল। এ ছাড়া উপস্থাপিত হবে বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা, শরীয়তপুর ও নোয়াখালীর শিল্পীদের পরিবেশনা। উপস্থাপিত হবে বিভিন্ন সময় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পীদের পরিবেশনা।

বৃহস্পতিবার উৎসবের সমাপনী দিনে থাকবে প্রখ্যাত ও প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীদের একক নৃত্য পরিবেশনা। বন্দিশ ও তারানার আশ্রয়ে পরিবেশনা উপস্থাপন করবেন অনন্যা ওয়াফি রহমান। এদিন একক নৃত্য পরিবেশন করবেন মুনমুন আহমেদ, মুনিরা পারভিন, প্রিয়াঙ্কা সাহা, তাবাসসুম আহমেদ, বৈশাখী মজুমদার, রওশন আরা হক, মুস্তাকিম মো. ইব্রাহিম, সুপর্ণা দত্ত, দীপা সরকার, মাহবুব হাসান সোহাগ, সি এম মহিউদ্দিন, সজল মজুদার ও বিপ্লব দাস।