শুরুর দিনে চমকে দিল 'হো চি মিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যনাট্য ‘হো চি মিন’ মঞ্চে আনল তুরঙ্গমী ডান্স থিয়েটার। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।  ছবি: প্রথম আলো
নৃত্যনাট্য ‘হো চি মিন’ মঞ্চে আনল তুরঙ্গমী ডান্স থিয়েটার। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। ছবি: প্রথম আলো

কেউ খাবে আলোকোজ্জ্বল রেস্তোরাঁয়, কেউ অভুক্ত থাকবে অন্ধকার পথে? সাম্যবাদী নেতা হো চি মিন সেটা চাননি। তাই প্রতিষ্ঠিত অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। দেশকে করে তুলতে চেয়েছিলেন সমতার ভূমি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ছিল নতুন এক নৃত্যনাট্য হো চি মিন-এর উদ্বোধনী প্রদর্শনী। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এটি মঞ্চে নিয়ে আসে প্রতিশ্রুতিশীল তরুণ দল তুরঙ্গমী ডান্স থিয়েটার। সমাজতান্ত্রিক ভিয়েতনামের দ্রষ্টা হো চি মিনের ৫০তম মৃত্যুবার্ষিকী ও দেশটির জাতীয় দিবস ছিল ২ সেপ্টেম্বর। এ দিবস উদ্যাপন উপলক্ষে ভিয়েতনাম সরকারের আহ্বানে নৃত্যনাট্য তৈরি করেছে বাংলাদেশের এই দল।

নৃত্যনাট্যে আলো আর শব্দের ব্যবহার চমকে দিয়েছে দর্শকদের। আর নাচের মধ্য দিয়ে একজন সংগ্রামী মানুষের গল্প বলার পরিবেশনশিল্প ঢাকার মঞ্চে নতুন। তাই দারুণ উপভোগ করেছেন সবাই। আজ শুক্রবার একই মিলনায়তনে দেখা যাবে নৃত্যনাট্যটি।
হো চি মিন নৃত্যনাট্যের শব্দ ও সংগীতে শোনা যাবে হো চি মিনের কণ্ঠ, তাঁর লেখা কবিতার আবৃত্তি, রবীন্দ্রনাথ ও নজরুলের গানের সুর। জীবনীভিত্তিক এ নৃত্যনাট্যের চিত্রনাট্য, নির্দেশনা, কোরিওগ্রাফি, সেট, পোশাক, কণ্ঠ ও নির্দেশনা দিয়েছেন দলনেতা পূজা সেনগুপ্ত।