শেখা হলো, এবার মঞ্চে

বাংলাদেশের ৩০ জন নৃত্যশিল্পীকে প্রশিক্ষণ দিতে তাইওয়ান থেকে এসেছেন দুজন স্বনামখ্যাত নৃত্যশিল্পী কাথিন টান ও জিয়া-লিয়াং লিন। সেই প্রশিক্ষণের ভিত্তিতেই আজ সন্ধ্যা ছয়টায় তরুণ শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স এশিয়া প্যাসিফিকের বাংলাদেশ অধ্যায় নৃত্যযোগের আয়োজনে গত ২৯ সেপ্টেম্বর কর্মশালাটি শুরু হয়। সংগঠনটির সভাপতি নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নৃত্যযোগ’ পঞ্চমবারের মতো এ ধরনের কর্মশালার আয়োজন করেছে। এবারের কর্মশালায় কাথিন টান তরুণ শিল্পীদের শেখাচ্ছেন কীভাবে মঞ্চকে পরিপূর্ণভাবে ব্যবহার করে নাচটা করতে হয়, আর জিয়া-লিয়াং লিন শরীরী ভাষা ও সমসাময়িক নাচের ওপর কাজ করেছেন। বাংলাদেশের নাচের কম্পোজিশনের মান বেশ ভালো হলেও শরীরী ভাষার দিক থেকে শিল্পীরা পিছিয়ে আছেন। এই ঘাটতি পূরণ হলেই বাংলাদেশের নাচ আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে। নাচের ক্ষেত্রে দম (স্ট্যামিনা) ও শক্তি খুব গুরুত্বপূর্ণ। আকরাম খানের কথাই ধরা যাক। নাচ না বুঝলেও শরীরী ভাষার কারণেই তাঁর নাচ ভালো লাগে। শরীরকে দিয়ে কীভাবে কথা বলাতে হয়, সেটা তরুণ শিল্পীরা জিয়া-লিয়াংয়ের কাছ থেকে শিখতে পারছেন।
কাথিন টানের প্রশিক্ষণের বিষয় ছিল ‘নৃত্যে তাৎক্ষণিক পরিবেশনা’ (ইম্প্রোভাইজেশন ইন ড্যান্স) এবং জিয়া-লিয়াং লিন প্রশিক্ষণ দিয়েছেন ‘আধুনিক নৃত্যে প্রাচ্যের নৃত্যশৈলী’ (ইস্টার্ন বডি প্র্যাক্টিসেস ইন মডার্ন ড্যান্স) বিষয়ে। এখানকার নৃত্যশৈলীর সঙ্গে তাঁদের শৈলীর যোগসূত্র কোথায়—এ প্রশ্নের উত্তরে শর্মিলা বলেন, ‘আমরা কেবল একটি গণ্ডির মধ্যে থাকতে চাই না। এ ধরনের ফিউশন আগেও হয়েছে—রবীন্দ্রনাথও বিদেশ থেকে অনেক কিছু নিয়েছেন। তবে সেটা ব্যবহার করেছেন নিজের মতো করে। এখন এখানে অনেকেই বিদেশি নৃত্যশৈলী নিজের নাচে ব্যবহার করছেন। কিন্তু অনেকে সেটা না বুঝে, ইন্টারনেট থেকে দেখে করছেন। এভাবে শেখা যায় না। এই কর্মশালার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন নৃত্যশৈলী সম্পর্কে তরুণেরা জানছেন। সে জন্য এ ধরনের কর্মশালার গুরুত্ব অনেক।’
আজকের অনুষ্ঠানটিতে কাথিন টান ও জিয়া-লিয়াং লিন নৃত্যকলা বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট পরিবেশনা করবেন। অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করবেন জিয়া-লিয়াং। তিনি বিশ্বখ্যাত নৃত্যদল ‘ক্লাউডগেট’-এর সাবেক সদস্য। এরপর তরুণ শিল্পীরা দুটি দলে ভাগ হয়ে পরিবেশন করবেন চারটি নৃত্য।