শেষ হলো লন্ডনের বাংলা নাট্যোৎসব

‘ধর্মীয় বিশ্বাসের কারণে বিভাজন নয়, চাই উদার চিন্তার বৈষম্যহীন সমাজ’—এমন বার্তা দিয়েই শেষ হলো যুক্তরাজ্যের লন্ডনে এক মাস ধরে অনুষ্ঠিত বাংলা নাটকের উৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা’। গত ২৯ নভেম্বর রোববার উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হয় উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের অষ্টম প্রযোজনা ইঁদারা। নাট্যকার মান্নান হীরা রচিত ইঁদারা নাটকটির নির্দেশনা দিয়েছেন উজ্জ্বল দাশ।
বাঙালিসহ বিভিন্ন ভাষাভাষী মানুষদের কাছে বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রতিবছর আয়োজন করে ‘এ সিজন অব বাংলা ড্রামা’। লন্ডনে মাসব্যাপী বাংলা নাট্যোৎসবের এটি ছিল ১৩তম আসর। বাংলাদেশিদের বর্ণবাদী আন্দোলনের গল্প নিয়ে রচিত দ্য আলতাব আলী স্টোরি মঞ্চায়নের মধ্য দিয়ে গত ২ নভেম্বর শুরু হয় এবারের আয়োজন। মঞ্চ নাটকের পাশাপাশি কবিতার আসর, চিত্র প্রদর্শনী, বাংলা সাহিত্য ও বাঙালি অভিবাসীদের ইতিহাস নিয়েও আলোচনা হয় এ উৎসব। স্থানীয় বাংলাদেশি ও কলকাতার শিল্পীদের কসরত প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন আয়োজনে অংশ নেন ভিন্ন ভাষাভাষী মানুষ। উৎসবের শেষ দিন ইঁদারার প্রদর্শনী দেখতে বৈরী আবহাওয়া মাড়িয়ে ব্রাডি আর্ট সেন্টার মিলনায়তন পূর্ণ করে তোলেন নাট্যপ্রাণ দর্শক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল দাশ, নুরুল ইসলাম, অসীম চক্রবর্তী, জুয়েল রাজ, ফিরোজ আলী, নজরুল ইসলাম, সামসুদ্দীন, শাহ রাসেল, মুসলেহ জাহিন, প্রশান্ত দাশ, সুশান্ত প্রমুখ। পোশাক পরিকল্পনা ও মঞ্চ সজ্জায় ছিলেন শাগুফতা শারমিন। প্রযোজনার সমন্বয় করেন অসীম চক্রবর্তী।
মঞ্চায়ন–পরবর্তী প্রতিক্রিয়ায় নাটকটির নির্দেশক উজ্জ্বল দাশ বলেন, ‘শান্তিকামী মানুষ চায় বৈষম্যহীন সামজ। কিন্তু ধর্মান্ধ গোষ্ঠী বিভেদের দেয়াল তৈরিতে মত্ত। ফলে বিশ্বায়নের এই সময়েও ইঁদারার প্রেক্ষাপট বিরাজমান।’