শেষ হলো স্বপ্নদলের সেলিম আল দীন জন্মোৎসব

নাটকের মধ্য দিয়ে শুরু হওয়া স্বপ্নদলের ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’ শেষ হলো একক বক্তৃতায়। শেষ দিনেও ছিল নাটক, স্মৃতিচারণা। ‘ঔপনিবেশিকতার শৃঙ্খল ভেঙে বাঙলা নাট্যের স্বর্ণালি দিন, প্রেরণা মোদের রবীন্দ্রনাথ সঙ্গী সেলিম আল দীন’ স্লোগানে শুরু হয় এ উৎসব।
গতকাল শনিবার বিকেলে উৎসবের সমাপনী দিনে শিল্পকলা একাডেমির ১ নম্বর মহড়া কক্ষে ছিল ‘সেলিম আল দীনের নাট্যদর্শন তথা বাঙলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’ নিয়ে একক বক্তৃতা। বক্তৃতা করেন মঞ্চসারথি আতাউর রহমান। নাট্যজন রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা, নাট্যনির্দেশক সুদীপ চক্রবর্তী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উৎসব আহ্বায়ক ও স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।
গত বৃহস্পতিবার এ উৎসবের উদ্বোধন করেছিলেন প্রয়াত সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাসের সহধর্মিণী শেলী সেনগুপ্তা। ওই দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় সেলিম আল দীনের নাটক ‘হরগজ’। শুক্রবার দ্বিতীয় দিন সন্ধ্যায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’।