শেষবারের মতো শিল্পকলায় এসেছিলেন তনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব তনয়।
মাহবুব তনয়।

শেষবারের মতো আজ মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে এসেছিলেন মাহবুব তনয়। ছিলেন নীরব, নিথর। সাদা কাফনে মোড়া ছিল তাঁর দেহ। গতকাল সোমবার কলাবাগানে দুর্বৃত্তদের হামলায় নাট্যকর্মী মাহবুব তনয় চলে গেছেন না–ফেরার দেশে। আজ সহশিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে নাট্যাঙ্গনের কর্মীরা। বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তনয়ের নাট্যদল লোক নাট্যদল ছাড়াও বিভিন্ন সংগঠন ও নাট্যদল তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা জানায়। সে সঙ্গে তাঁর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে।
আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তনয়ের মরদেহ নিয়ে যাওয়া রাজধানীর শেওড়াপাড়ার বাসভবনে। সেখানে একমাত্র ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা–বাবা। এরপর শেওড়াপাড়া জামে মসজিদে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর ১১ নম্বরের জান্নাতুল মাওয়া কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
বিকেল চারটার দিকে তনয়ের মরদেহ শেষবারের মতো তাঁর শিল্পচর্চার আঙিনা শিল্পকলায় নেওয়া হয়। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন নাট্যজন আতাউর রহমান, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী ও তনয়ের মামা মাহফুজুর রহমান খান।
রামেন্দু মজুমদার বলেন, তনুর মতো আরেক নাট্যকর্মী তনয়ও চলে গেল। শিল্প-সুন্দরের চর্চা যারা করছে, তারাই আজ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।
নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমরা সংস্কৃতিকর্মীরা এ দেশকে নিরাপদ মনে করছি না। আমাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এ দেশের নিরাপত্তার ত্রুটি নেই। আমি তাঁকে বলতে চাই, তনু কিংবা তনয়ের লাশের সামনে দাঁড়িয়ে আপনি কি এ কথা বলতে পারবেন?’ 

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে গোলাম কুদ্দুছ বলেন, আপনারা এসব হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ নেন। এ দেশের শুভবুদ্ধির মানুষেরা আপনাদের সঙ্গে আছে। আতাউর রহমান বলেন, ৪৪ বছর আগে পাকিস্তানিরা যেভাবে এ দেশের বুদ্ধিজীবী-শিল্পীদের হত্যা করেছিল, এখনো যেন সেই ধারাবাহিকতা চলছে। গভীর চক্রান্তে অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে। এটা থামাতে না পারলে সোনার বাংলার স্বপ্নসহ সবকিছু মিথ্যা হয়ে যাবে।
হাসান আরিফ বলেন, ‘আমাদের আর পেছনে তাকানোর সময় নেই। সবাইকে এককাতারে দাঁড়িয়ে প্রতিরোধ করতে হবে।’
শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী বলেন, ‘তনয় আমার লোকনাট্যদলের কর্মী ছিল। আমি সন্তানকে হারিয়েছি, বলার ভাষা হারিয়ে ফেলেছি।’
নাট্যকর্মী মাহবুব তনয় হত্যার বিরুদ্ধে কাল বুধবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।