শেষবেলায় 'শিল্পের আলোয় বঙ্গবন্ধু'

শিল্পকলা একাডেমিতে চলছে ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক মাসব্যাপী অনুষ্ঠানমালা। জাতির জনকের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আয়োজনের শেষ হবে ৩১ আগস্ট। মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা গীতি-আলেখ্য ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ পরিবেশনার মধ্য মাসব্যাপী আয়োজনে ইতি টানা হবে।
শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, একাডেমির চিত্রশালা প্লাজায় এ সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গানের ওপর কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করবে ১০টি নাট্যদল। শেষে মহাকাল নাট্য সম্প্রদায় পরিবেশন করবে মীর জাহিদ হাসানের গ্রন্থনা ও পরিকল্পনা এবং কামরুল হাসান ফেরদৌস ও আমিনুল আশরাফের কোরিওগ্রাফিতে তৈরি এ গীতি-আলেখ্যটি।
মহাকালের দলপ্রধান মীর জাহিদ হাসান প্রথম আলোকে জানান, ১৬ আগস্ট গীতি-আলেখ্যটির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ গীতি-আলেখ্যটি নির্মিত হয়েছে।
গীতি-আলেখ্যে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আমিনুল আশরাফ, রাসেল আহমেদ, কোনাল আলী, সামিউল জীবন, রাফিন কামাল, রাজীব হোসেন, আবিদ আবদুল্লাহ, শিবলী সরকার, প্রবীর মিত্র, মো. আহাদ, তারেক ও ইকবাল চৌধুরী।
একই দিনে মহাকাল নাট্য সম্প্রদায় ছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গানের ওপর কোরিওগ্রাফি থাকবে পদাতিক নাট্য সংসদ (টিএসসি), বুনন থিয়েটার, খেয়ালি গ্রুপ থিয়েটার, মতিঝিল থিয়েটার সার্কেল, কণ্ঠশীলন, ভিশন থিয়েটারসহ আরও বেশ কয়েকটি দলের।