ষাট বিঘার মাঠ চাইলেন আবুল খায়ের

সারা বছর সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে হবে। সে জন্য একটি মাঠ চাইলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। দান নয়, কয়েকজন ব্যবসায়ী মিলে জায়গা কিনে নিতে চান তাঁরা। সারা বছর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও উৎসব চললে ঢাকায় ‘অপরাধ’ কমে যাবে বলে মনে করেন এই শিল্প ও সংস্কৃতি উদ্যোক্তা।
আজ সোমবার রাতে বনানীর আর্মি স্টেডিয়ামে ছিল বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-এর সমাপনী অনুষ্ঠান। শেষরাতে শিল্পীদের পরিবেশনার ফাঁকে ছিল সমাপনী বক্তব্যের পালা। সফলভাবে উৎসব শেষ করার জন্য স্বাগত বক্তব্যে তিনি ধন্যবাদ জানান উৎসবের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ঢাকায় ৫০ বা ৬০ বিঘার একটি মাঠ দিন আমাদের, আমরা সারা বছর সাংস্কৃতিক উৎসব করব। ব্যবসায়ীরা মিলে ওই জায়গাটি আমরা কিনেই নেব। ভাগ্যক্রমে আমরা দুজন ভালো মেয়র পেয়েছি। আশা করি, তাঁরা আমাদের সহযোগিতা করবেন।’
অনুষ্ঠান শুরুর দিনের মতো আজও খেলার মাঠ ও সিনেমা হল নির্মাণের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে সারা দেশে তিন হাজার সিনেমা হল তৈরি করা দরকার। দেশের ২০ হাজার গ্রামে সাড়ে তিন বিঘা করে জমি যদি খেলার মাঠ ও ক্লাব করার জন্য ছেড়ে দেওয়া যায়, তাহলে দেশে শান্তি ফিরে আসবে। গ্রামের ধনাঢ্য ব্যক্তিদের সহায়তায় সেটা পাওয়া সম্ভব। খেলার মাঠের দুই পাশে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা ক্লাব করে দিলে তাঁরা সেখানে, নাচ, গানসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে পারবে। বিশেষ করে সিনেমা হল করা সবচেয়ে সহজ। এটা বেসরকারি উদ্যোক্তাদের কাজ।’
উচ্চাঙ্গসংগীত উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিন দিনের ‘সুফি ফেস্ট’-এর ঘোষণা দেন আবুল খায়ের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ বিষয়ে তাঁকে সহযোগিতার আশ্বাস দেন। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
পাঁচ রাতের উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনে সম্পৃক্ত থাকা সবাইকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। উচ্চাঙ্গসংগীত উৎসবের দর্শকদের প্রশংসা করে আবুল খায়ের বলেন, ৫৫ ঘণ্টা ধরে যে দর্শকেরা শুদ্ধসংগীত শুনতে পারেন, তাঁরা কত ভালো শ্রোতা, সেটা বলার অপেক্ষা রাখে না।